প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির ঘটনায় ছয়জন বরখাস্ত
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের তুর্কমিনিস্তানে জরুরি অবতরণের কারণ ছিল ইঞ্জিন অয়েলের (লুব্রিকেন্ট) সঞ্চালন পাইপের নাট ঢিলে হয়ে যাওয়া। এই কারিগরি ত্রুটি হয়েছিল দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ব্যর্থতার কারণে। এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের করা তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। গতকাল বুধবার এই প্রতিবেদন জমা পড়ে।
বিমান কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল প্রকৌশল শাখার ছয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন ইঞ্জিনিয়ার অফিসার এস এম রোকনুজ্জামান, সামিউল হক, লুৎফর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস ও জাকির হোসেন এবং টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান।
বিমান সূত্র জানায়, পাঁচ কনিষ্ঠ কর্মকর্তা ও একজন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কিন্তু ওই বিমানের রক্ষণাবেক্ষণ তদারকির মূল দায়িত্বে ছিলেন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী (প্রডাকশন) দেবেশ চৌধুরী। তিনি প্রধানমন্ত্রীর ওই ফ্লাইটে ছিলেনও।
নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নতুন কেনা সর্বাধুনিক প্রযুক্তি বোয়িং ৭৭৭-৩০০ইআর-এর এমন কারিগরি ত্রুটিও অকল্পনীয়। এ ঘটনায় প্রকৌশল বিভাগের পরিচালক দায় এড়াতে পারেন না। তাঁর আমলে বিমানের রক্ষণাবেক্ষণের মান নিম্ন পর্যায়ে নেমে এসেছে। কিন্তু তাঁদের বাঁচিয়ে কনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আপাতত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিমানের কর্মকর্তারা কিছু বলতে রাজি নন। মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, বিমান কোম্পানি হওয়ার কারণে মন্ত্রণালয়ের খুব বেশি নিয়ন্ত্রণ নেই। গতকাল সংবাদ ব্রিফিংয়ে বিমানমন্ত্রীও বলেছেন, বিমান আইনে এটি কোম্পানি। এ জন্য মন্ত্রণালয় ততটুকুই করতে পারে, যতটুকু বিমান কর্তৃপক্ষ তাদের জানায়।
বিমানের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন ও ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন গতকাল সন্ধ্যায় সচিবালয়ে ব্রিফিং করেন। বেলা তিনটায় এই ব্রিফিং হওয়ার কথা থাকলেও তা শুরু হয় ৫টায় ৫৩ মিনিটে।
বিমানমন্ত্রী বলেন, তদন্তে তিনটি বিষয়কে বিবেচনায় আনা হয়েছে—যান্ত্রিক ত্রুটি কি না, পরিবেশগত ব্যাপার কি না (বেশি ঠান্ডা বা ঝড় কি না) এবং ‘হিউম্যান ফ্যাক্টর’ জড়িত কি না। তিনি বলেন ‘হিউম্যান ফেইলর ফ্যাক্টরের’ জন্য এটা হয়েছে। এটা প্রাথমিক তদন্ত প্রতিবেদন। পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে তখন স্পষ্ট বোঝা যাবে দায় কার ছিল।
গত রোববার হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর দ্রুত গতিপথ পরিবর্তন করে সেটি তুর্কমিনিস্তানের রাজধানী আশখাবাদে জরুরি অবতরণ করে। পরে অন্য বিমান গিয়ে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বুদাপেস্টে নিয়ে যায়। এ ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়।