প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইসিসিতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ
বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৫ জনের বিরুদ্ধে দ্য হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযোগ দায়ের করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক দুটি সংগঠন। হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ ও গ্রেটার ওয়াশিংটন ডিসি বাংলাদেশি আমেরিকানস নামের দুটি সংগঠনের পক্ষে মার্কিন একটি আইনি সংস্থা দ্য হেগে এই অভিযোগ দায়ের করা হয়। খবর বিবিসি বাংলার।
খবরে বলা হয়, দ্য হেগে দায়ের করা অভিযোগে চলতি বছর ২৮ ফেব্রুয়ারি এবং ৫ ও ৬ মে রাতে হত্যাকাণ্ডসহ বাংলাদেশে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের জন্য প্রধান দায়ী ব্যক্তি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার বিবিসি বাংলার সকালের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আইন প্রতিমন্ত্রীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এ প্রসঙ্গে বেলজিয়ামের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিন বিবিসিকে জানান, এটা এত সহজ ব্যাপার নয় যে, দুটি সংগঠন বা ওয়াশিংটনের জনগণ একটা চিঠি পাঠিয়ে দিল আর মামলা শুরু হয়ে গেল। এ ধরনের চিন্তা হবে বড় একটি ভুল। আহমেদ জিয়াউদ্দিন বলেন, আইসিসি কোনো মানবাধিকারের আদালত নয়। এটা আন্তর্জাতিক অপরাধ আদালত। এখানে সুনির্দ্দিষ্ট তথ্য-প্রমাণ দিতে হবে যে আন্তর্জাতিক অপরাধ সংঘটিত হয়েছে।