প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনীত কয়েকটি অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) যে তদন্ত করছে, তাকে স্বাগত জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। গতকাল বুধবার রাজধানীতে আয়োজিত এক কর্মশালায় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দুদক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করছে। একে স্বাগত জানাই। আশা করি, তারা নিরপেক্ষভাবে কাজ করবে।’বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দুদককে শক্তিশালী করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। দুদক স্বাধীনভাবে কাজ করলে নিশ্চয়ই দুর্নীতি আরও কমবে। তিনি বলেন, শিগগিরই মন্ত্রী-সাংসদেরা সম্পদের হিসাব দেবেন।প্রসঙ্গত, যুক্তরাজ্যে বাংলাদেশ হাউস কেনা, একটি বিশ্ববিদ্যালয়ে চেয়ার স্থাপন, শেখ হাসিনা যুব উন্নয়নকেন্দ্র নির্মাণ, বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্স স্থাপন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কমপ্লেক্স নির্মাণে শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয় বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে। আর এসব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে সম্প্রতি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে দুদক।বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ কর্মশালায় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেন, সুশাসনের মাধ্যমে বাংলাদেশ থেকে দুর্নীতিকে উত্খাত করতে যুক্তরাষ্ট্র সব রকম সহযোগিতা দেবে।‘নারী উদ্যোক্তাদের জন্য দুর্নীতি দমন প্রচেষ্টার সংস্কার’ শীর্ষক এই সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভানেত্রী সেলিমা আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব শহিদুল হক।ইউএসএইড ও বেসরকারি সংস্থা প্রগতির সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।