প্রধানমন্ত্রীর বিশেষ দূত মিয়ানমারে যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সঙ্গে সম্পর্ক জোরদার করার বার্তা দিয়ে এনএলডি নেতৃত্বাধীন নতুন সরকারের কাছে প্রতিনিধি পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক এ মাসের শেষে দুই দিনের সফরে মিয়ানমারে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র গত বৃহস্পতিবার প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে।
সূত্রটি জানিয়েছে, মিয়ানমার সফরের সময় সে দেশের নতুন প্রেসিডেন্ট তিন কিউ ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত। প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ যে সম্পর্ক বিশেষ একটি জায়গায় নিতে চায়, এই সফরে সেই বার্তা পৌঁছে দেওয়া হবে।
ইয়াংগুনের কূটনৈতিক সূত্রে জানা গেছে, মিয়ানমারের মন্ত্রিসভার কয়েকজন জ্যেষ্ঠ সদস্য ও ক্ষমতাসীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে দেখা করবেন শহীদুল হক। এসব বৈঠকের সময়সূচি আগামী মঙ্গলবার চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ যে তার নিকট প্রতিবেশীর সঙ্গে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে শান্তি ও সৎ প্রতিবেশীসুলভ সম্পর্ক জোরদার করতে চায়—এই বার্তা মিয়ানমারের নেতৃত্বকে পৌঁছে দেবেন বিশেষ দূত। এ জন্য পারস্পরিক শ্রদ্ধা, স্বার্থ ও দুই পক্ষের সামগ্রিক উন্নয়নে মিয়ানমারের সঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ। তা ছাড়া দীর্ঘ কয়েক দশক ধরে নিকট দুই প্রতিবেশীর মধ্যে যে আস্থার সংকট আছে, তা দূর করে যেকোনো বিষয়ে খোলা মন নিয়ে বন্ধুত্বপূর্ণ আলোচনার পরিবেশ তৈরি এবং দ্বিপক্ষীয়ভাবে বিভিন্ন পর্যায়ে আলোচনার প্রস্তাব করবে বাংলাদেশ। সামগ্রিকভাবে বাংলাদেশ চায়, মিয়ানমারের সঙ্গে সম্পর্কটা হবে বহুমাত্রিক ও পরস্পরের ওপর নির্ভরশীল।
জানতে চাইলে মিয়ানমারে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী ‘বিশেষ কোনো বার্তা’ দিয়েই তাঁর দূতকে মিয়ানমারে পাঠাচ্ছেন। আর মিয়ানমার যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিশেষ দূতকে স্বাগত জানাচ্ছে, আশা করি সে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই উদ্যোগ দুই দেশের সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালের ডিসেম্বরে মিয়ানমারে দ্বিপক্ষীয় সফরে যান। এরপর মিয়ানমারের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও তা নানা কারণে পিছিয়েছে। গত বছরের নভেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে মিয়ানমারের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশটির সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে পররাষ্ট্রসচিবের এ সফরের মধ্য দিয়ে দুই পক্ষের অভিন্ন স্বার্থের বিষয়গুলো নিয়ে বাংলাদেশ আলোচনা এগিয়ে নিতে আগ্রহী।