প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পদ হারালেন হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পদ থেকে মাহবুব উল আলম হানিফকে অব্যাহতি দেওয়া হয়েছে। বেশ কিছুদিন ধরে এ নিয়ে আলোচনার পর গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে। জনপ্রশাসনসচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, প্রধানমন্ত্রীর ইচ্ছানুযায়ী, এ পদ থেকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফকে অব্যাহতি দেওয়া হয়েছে।
দলীয় সূত্রগুলো জানিয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে দলীয় প্রার্থিতা বাছাই ও দৌলতপুর থানা আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়ায় হানিফের ওপর অসন্তুষ্ট হন প্রধানমন্ত্রী। এ নিয়ে ৯ অক্টোবর প্রধানমন্ত্রীর সঙ্গে কুষ্টিয়া আওয়ামী লীগের তৃণমূলের নেতাদের বৈঠকে এ বিষয়ে আলোচনার একপর্যায়ে হানিফকে বিশেষ সহকারীর পদ থেকে পদত্যাগ করতে বলেন প্রধানমন্ত্রী। এর পর থেকেই আলোচনা হচ্ছিল, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর পদ হারাচ্ছেন হানিফ।
মাহবুব উল আলম হানিফ গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি নিজ থেকেই সরে যাওয়ার জন্য বলেছিলাম। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত হয়েছে।’