প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বিশেষ ক্ষমতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শামসুন নুরকে গত বুধবার রাতে প্রত্যাহার করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহানের সুপারিশে গ্রেপ্তার করা আসামি ছেড়ে না দেওয়ায় ওসিকে প্রত্যাহার করা হয় বলে অভিযোগ উঠেছে।

মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) খোন্দকার ফরিদুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় ওসিকে প্রত্যাহার করে মাদারীপুর পুলিশ লাইনে নেওয়া হয়েছে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহানের সমর্থক বলে পরিচিত উপজেলার উত্তর রমজানপুর গ্রামের ফাইজুল ইসলাম গত ১৬ এপ্রিল স্থানীয় সাইফুল ইসলাম নামের একজনকে মারধর করেন। এ ঘটনায় সাইফুল ওই দিনই ফাইজুলসহ চারজনকে আসামি করে কালকিনি থানায় মামলা করেন। ফাইজুল বুধবার অন্য একটি মামলার তদবির করতে থানায় গেলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

খবর পেয়ে দুপুরে আবদুস সোবহান তাঁর সমর্থক ফাইজুলকে ছেড়ে দেওয়ার জন্য ওসির কাছে সুপারিশ করেন। কিন্তু পুলিশ তা না মেনে ফাইজুলকে মাদারীপুর জেলহাজতে পাঠাতে গেলে সোবহান ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে পুলিশ ফাইজুলকে মাদারীপুর নেওয়ার পথে মোস্তফাপুর পর্যন্ত গিয়ে সেখান থেকে ফেরত এনে ছেড়ে দেয়।

ফাইজুলের বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা ও কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, ফাইজুল অন্য মামলার তদবির করতে এলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

যোগাযোগ করা হলে আবদুস সোবহান বলেন, ‘কী কারণে ওসিকে প্রত্যাহার করা হয়েছে, তা আমি জানি না। এর সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।’

যোগাযোগ করা হলে কালকিনি থানার ওসি শামসুন নুর প্রত্যাহারের বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমাকে কেন প্রত্যাহার করে হয়েছে, তা জানি না।’