দেশব্যাপী কমিউনিটি ক্লিনিকের সেবা গ্রহণে জনগণকে উদ্বুদ্ধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভয়েস কল মুঠোফোনে প্রচার করা হবে। পল্লি অঞ্চলে ছয় কোটি মানুষের মুঠোফোনে ভয়েস কলটি পাঠানো হবে। আজ মঙ্গলবার থেকে এটি প্রচার করা হবে। গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী তাঁর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘কমিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য পল্লি অঞ্চলের মোবাইল ফোন ব্যবহারকারী প্রত্যেকের কাছে ৮৮০১৫১২৩৪৫৬৭৮ নম্বর (ফোন) থেকে প্রধানমন্ত্রীর ওই ভয়েস কল যাবে।’ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির ও রিভাইটেলাইজেশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভস ইন বাংলাদেশের প্রকল্প পরিচালক মাখুদুমা নার্গিস। মোদাচ্ছের আলী বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পুনরায় কমিউনিটি ক্লিনিকগুলো খুলে দিতে সরকার ২০০৯ সালের সেপ্টেম্বরে ‘রিভাইটেলাইজেশন অব কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ’ প্রকল্পের অনুমোদন দেয়। চলতি বছরের মে মাস নাগাদ দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট ১২ হাজার ২৪৮টি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়। মাখুদুমা নার্গিস বলেন, প্রধানমন্ত্রীর ধারণকৃত কলে জনগণকে স্বাস্থ্যসেবা নিতে কমিউনিটি হেলথ কেয়ার ইউনিটে আসার আহ্বান জানানো হবে। প্রতিদিন অন্তত ২০ লাখ লোকের কাছে এই ভয়েস কল যাবে। ভয়েস কলে প্রধানমন্ত্রী বলবেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি শেখ হাসিনা আপনাদের সেবায় নিয়োজিত। আপনাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমরা কমিউনিটি হেলথ কেয়ার সেন্টার করে দিয়েছি। আপনাদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছি। আপনারা এই কমিউনিটি হেলথ কেয়ার সেন্টারে আসুন। চিকিৎসাসেবা নিন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেটাই আমাদের কামনা।’