প্রধানমন্ত্রীর ভারত সফর দুই দেশের সম্পর্ক এগিয়ে নেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন নতুন উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হবে। একাত্তরে দুই দেশের সম্পর্কে যে অনুভূতি ও সহযোগিতার আবহ তৈরি হয়েছিল, এখনো সেই আবহ রয়েছে, যা সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে পাথেয় হয়ে থাকবে।
বাংলাদেশকে ভারতের আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার ৪৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় গতকাল মঙ্গলবার এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশের সার্বভৌমত্বের স্বীকৃতি দিয়েছিল ভারত। এই দিনটি উদ্যাপন উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশ-ভারত মৈত্রী এবং উপমহাদেশের আঞ্চলিক নিরাপত্তা’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের সভাপতিত্বে আলোচনায় মূল প্রবন্ধ পড়েন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির।
প্রধান অতিথির বক্তৃতায় মাহমুদ আলী বলেন, ‘১৯৭১ সালের এই দিনে আমাদের সবচেয়ে নিকট প্রতিবেশী এবং বন্ধুরাষ্ট্র ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে স্বীকৃতি প্রদান করে। সেই থেকে বাংলাদেশের জনগণ এবং সরকার গভীর কৃতজ্ঞতার সঙ্গে এই দিনটিকে স্মরণ করে আসছে।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা ও একটি যৌথ সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমাদের দুই দেশকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’
ঢাকায় ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে শুধু এ দেশের ৩০ লাখ মানুষই নয়, ভারতের জনগণও নিজেদের জীবন উৎসর্গ করেছেন। বাংলাদেশ ও ভারত যেভাবে সমুদ্র ও স্থলসীমান্তের মতো দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার সমাধান করেছে তা গভীর বন্ধুত্বের প্রতিফলন। দুই দেশের উন্নয়নের স্বার্থেই আমাদের সম্পর্ককে এগিয়ে নিতে হবে।’
অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টরের অধিনায়ক কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান, মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক জ্যোতির্ময় গুহঠাকুরতার মেয়ে ড. মেঘনা গুহঠাকুরতা ও মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে ভারতের তামিলনাড়ু রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ ডিসেম্বর তিন দিনের সফরে ভারত যাচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে নিরাপত্তা সহযোগিতার নতুন রূপরেখা ছাড়াও নতুন কিছু উদ্যোগ নিয়ে আলোচনা হবে।
তবে তিস্তা চুক্তি সই নিয়ে এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই।