জাতীয় সংসদে রাষ্ট্রপতির দেওয়া ভাষণসম্পর্কিত ধন্যবাদ প্রস্তাবের ওপর গত সোমবার আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সাংসদেরা গত সরকারের এক বছরের সাফল্য তুলে ধরেছেন। তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরকে সফল বলে অভিহিত করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী প্রধানমন্ত্রীর ভারত সফরকে সফল অভিহিত করে বলেন, এর মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হয়েছে। শুধু দুই দেশ নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সফল ভারত সফরের মধ্য দিয়ে এ অঞ্চলের নন্দিত নেতায় পরিণত হয়েছেন। যার স্বীকৃতিস্বরূপ তাঁকে ইন্দিরা গান্ধী পুরস্কার দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এম ইদ্রিস আলী রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান। তিনি বিরোধী দলকে সংসদীয় কমিটির মতো সংসদে এসে কথা বলারও আহ্বান জানান।ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে এ আলোচনায় আরও অংশ নেন সরকারি দলের এ বি এম আনোয়ারুল হক, আবদুল মান্নান, জাহিদ মালিক, এ বি এম আবুল কাশেম, নিলুফার জাফরুল্লাহ, শাহীন মনোয়ারা হক, জাতীয় পার্টির মুজিবর রহমান।