প্রধানমন্ত্রীর ভুয়া প্রটোকল কর্মকর্তা তিন দিনের রিমান্ডে
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা পরিচয়ে চট্টগ্রাম নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া বিশ্বজিৎকে গতকাল রোববার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গত শনিবার দুপুরে তাঁকে কৌশলে গ্রেপ্তার করা হয়।জানা গেছে, প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা প্রলয় জোয়ার্দারের পরিচয় দিয়ে বিশ্বজিৎ দে গত শুক্রবার রাতে ওই পুলিশ কর্মকর্তাকে ফোনে হুমকি দেন। গতকাল তাঁকে চট্টগ্রাম মহানগর হাকিম আজিজুল হকের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সদীপ কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা পরিচয় দিয়ে তিনি বিভিন্ন ব্যক্তিকে হুমকি ও অনৈতিক সুবিধা নিয়ে আসছিলেন বলে আমাদের কাছে অভিযোগ আছে।’একজন সাংবাদিকের ব্যক্তিগত গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষের জের ধরে বিশ্বজিৎ গত শুক্রবার রাতে নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগমকে ফোনে হুমকি দেন। এ সময় তিনি নিজেকে প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা প্রলয় জোয়ার্দার বলে পরিচয় দেন।