প্রধানমন্ত্রীর মামলা প্রত্যাহার হলে তারেকের নয় কেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁদাবাজি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। তাহলে তারেক রহমানকে কেন চাঁদাবাজি মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে না? এটা কি আইনের শাসন? দ্বিমুখী নিম্নমানের রাজনীতি দেশের মানুষ দেখতে চায় না।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান: সম্ভাবনার নতুন দিগন্ত’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় মওদুদ আহমদ এ কথা বলেন।বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিত এ গোলটেবিল আলোচনায় মওদুদ আহমদ বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, তাঁর ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দাবি জানান।আলোচনা শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মওদুদ অভিযোগ করেন, আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য কমছে না।‘বিরোধী দলের কালো টাকার কারণেই বাজারে দ্রব্যমূল্য কমছে না’—প্রধানমন্ত্রীর এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে মওদুদ বলেন, এটা দায়িত্বজ্ঞানহীন বক্তব্য। নিজেদের ব্যর্থতা ঢাকতেই প্রধানমন্ত্রী এ ধরনের বক্তব্য দিয়েছেন। তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খানের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন শামসুজ্জামান, মশিউর রহমান, শফিউল আলম প্রধান, শওকত হোসেন প্রমুখ।