প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর শেষ, কাল ফিরছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য যুক্তরাষ্ট্রে আট দিনের সফর শেষ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁর যুক্তরাজ্যে পৌঁছানোর কথা ছিল। লন্ডন থেকে আগামীকাল শনিবার তাঁর দেশে ফেরার কথা রয়েছে। খবর বাসসের।
ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা গতকাল স্থানীয় সময় সকালে নিউইয়র্কের জন এফ কে আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি গতকাল লন্ডনের স্থানীয় সময় রাত আটটায় (বাংলাদেশ সময় রাত দুইটায়) হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোটেল ক্ল্যারিজে যাবেন। আজ স্থানীয় সময় বিকেলে লন্ডনের একটি হোটেলে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে। এরপর প্রধানমন্ত্রী রাত আটটা ৩৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন।
ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবে। এরপর প্রধানমন্ত্রী বাংলাদেশ সময় শনিবার বেলা দেড়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৪ সেপ্টেম্বর লন্ডন হয়ে নিউইয়র্কে পৌঁছান। সেখানে অবস্থানকালে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও বৈঠকে অংশ নেন।
শেখ হাসিনা গত ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে বক্তব্য দেন। ২৭ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) নির্বাহী পরিচালকের কাছ থেকে ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার গ্রহণ করেন। ২৬ সেপ্টেম্বর তিনি গ্রহণ করেন ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে শান্তিরক্ষাবিষয়ক উচ্চপর্যায়ের একটি শীর্ষ সম্মেলনে যৌথভাবে সভাপতিত্ব করেন। গত ২৫ সেপ্টেম্বর কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ‘গার্লস লিড দ্য ওয়ে’ শীর্ষক অনুষ্ঠানে বক্তৃতা করেন শেখ হাসিনা।

শেখ হাসিনার ২৭ পদক : বাংলাদেশের বিভিন্ন খাতে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত ২৭টি আন্তর্জাতিক পুরস্কার ও পদক পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে সম্প্রতি পেলেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় জাতিসংঘের পরিবেশ-বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ এবং ডিজিটাল বাংলাদেশ গঠন ও তথ্যপ্রযুক্তির উন্নয়নে বিশেষ অবদানের জন্য জাতিসংঘের ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’। জাতিসংঘের ৭০তম অধিবেশনে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
এর আগে রাজনীতিতে নারী-পুরুষের বৈষম্য কমাতে ভূমিকা রাখায় ‘ডব্লিউআইপি গ্লোবাল অ্যাওয়ার্ড’, নারী ও শিশু শিক্ষা উন্নয়নের জন্য ইউনেসকোর ‘শান্তিবৃক্ষ পদক’, শিশুমৃত্যুর হার হ্রাসকরণে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জন করায় জাতিসংঘের ‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অ্যাওয়ার্ড’, দারিদ্র্য ও অপুষ্টি দূর করার ক্ষেত্রে অগ্রগতি অর্জন করায় জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার ‘ডিপ্লোমা অ্যাওয়ার্ড’সহ বিভিন্ন পুরস্কার ও পদকে ভূষিত হয়েছেন তিনি।