প্রধানমন্ত্রীর শর্তে সংলাপ ভেস্তে যাবে: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল প্রত্যাহারের ওয়াদা করলে বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা হতে পারে—গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তৃতার পর সংলাপের উদ্যোগ ভেস্তে যাবে বলে মনে করছে বিএনপি। দলটি বলেছে, সর্বশেষ ব্যবসায়ীদের চাপে দুই দলের মহাসচিব পর্যায়ে সংলাপের যে ক্ষেত্র তৈরি হয়েছিল, প্রধানমন্ত্রী এই শর্ত দেওয়ার পর তা আর থাকবে না।
গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী বিএনপির উদ্দেশে বলেছেন, ‘হরতাল প্রত্যাহর করুন। আলোচনার পথ খোলা আছে। কিন্তু জাতির কাছে ওয়াদা করতে হবে, আর হরতাল দিয়ে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবেন না।’ জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আজকের (গতকাল) মধ্যে হরতাল প্রত্যাহারের ঘোষণা দিলে আওয়ামী লীগ-বিএনপি সংলাপ হতে পারে। নইলে নতুন করে আলোচনা নয়।
আওয়ামী লীগের দুই শীর্ষ নেতার এমন বক্তব্যে সংলাপের ভবিষ্যৎ কী—জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, ১৯৯৬ সালের সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছিল, তখন ক্ষমতাসীন বিএনপিও সংলাপের জন্য হরতাল না করার ওয়াদা করতে বলেছিল। এর পরিণাম কী হয়েছিল তা সবাই দেখেছে। ওই সময় সংলাপ ভেস্তে গিয়েছেল। এখনো একই ঘটনা ঘটছে। তাহলে কি সংলাপের সব সম্ভাবনা ভেস্তে যাচ্ছে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনই সেটা এভাবে বলা যাবে না। তবে এটা বলা যায়, ইতিহাসেরই পুনারাবৃত্তি হচ্ছে। ভবিষ্যৎই বলে দেবে সংলাপের ভবিষ্যৎ কী?’
গত শনিবার রাতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বিএনপির চেয়ারপারসন নিঃশর্তে সংলাপে বসতে রাজি হয়েছিলেন।