
প্রিতম মজুমদার। বয়স ২০ বছর। তবে পড়েন শিশুশ্রেণিতে। ছবি আঁকেন। ঈদ কাকে বলে তা তাঁকে বোঝাতে হয়েছে। ছাদে নিয়ে ঈদের চাঁদ দেখিয়েছেন মা। গত বছর তাঁর আঁকা ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ শুভেচ্ছাপত্রের প্রচ্ছদ হয়েছে।
প্রিতমের মা মিলি মজুমদার বলেন, ‘প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা কার্ডে প্রিতমের ছবি সিলেক্ট হোক তা চাচ্ছিলাম। গত বছর আমার চাওয়া সার্থক হয়েছে। তবে প্রিতম তার প্রাপ্তিটা বুঝতে পারে না।’
২০১১ সাল থেকেই রেওয়াজটা চালু। বিভিন্ন উৎসব আর বিশেষ দিনগুলো উপলক্ষে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যে শুভেচ্ছাপত্র পাঠান, সেটার প্রচ্ছদ করা হয় অটিস্টিক শিশুদের আঁকা ছবি থেকে। প্রিতমসহ অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ১০ জনের ছবি এ পর্যন্ত দুই ঈদ, ইংরেজি ও বাংলা নববর্ষ এবং বড়দিনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাপত্রে স্থান পেয়েছে। পুরস্কার হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনজন পেয়েছে তিন লাখ টাকা করে। অন্যরা পেয়েছে এক লাখ টাকা। এ ছাড়া এদের অনেকের আঁকা ছবি বিভিন্ন নামকরা বাণিজ্যিক প্রতিষ্ঠানের বার্ষিক বর্ষপঞ্জি, দিনলিপি, ঈদের কার্ডে স্থান পেয়েছে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রওনক হাফিজ প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রীর এ উদ্যোগ এই শিশুদের মধ্যে উৎসাহ তৈরি করেছে। একবার ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবসে প্রধানমন্ত্রী অটিস্টিক শিশুদের আঁকা ছবি দেখে খুশি হন। অনুষ্ঠানে তিনি তাদের ছবি দিয়ে কার্ড বানানোর ঘোষণা দেন। প্রথম দিকে একটি শিশুর ছবি নির্বাচিত হতো। তাকে দেওয়া হতো তিন লাখ টাকা। এখন তিনজনের ছবি নির্বাচিত হচ্ছে। প্রত্যেককে দেওয়া হচ্ছে এক লাখ টাকা করে।’
এবারের ঈদুল ফিতরে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাপত্রে স্থান পেয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন কল্যাণীর আহনাফ, বিউটিফুল মাইন্ডের সানজিদা এবং অটিস্টিক এবং স্নায়বিক প্রতিবন্ধী শিশুদের নিয়ে কর্মরত প্যারেন্টস ফোরাম ফর ডিফারেন্টলি অ্যাবলের মেহেদীর আঁকা ছবি।
গত বুধবার মোহাম্মদপুর শেখেরটেকে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনে গিয়ে দেখা যায় সেখানে ঈদমেলায় ব্যস্ত শিশুরা। তাদের তৈরি শাড়ি, মোম, পত্রিকা ও ক্যালেন্ডারের পৃষ্ঠা কেটে বানানো ফুলদানিসহ নানান জিনিস সাজানো। সেখানেই কথা হয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছাপত্রের প্রচ্ছদে স্থান পাওয়া কয়েকজন আঁকিয়ে ও তাদের অভিভাবকদের সঙ্গে।
প্রধানমন্ত্রীর পয়লা বৈশাখের শুভেচ্ছাপত্রে স্থান পায় নয় বছরের সোহার আঁকা ছবি। ১৭ বছরের তানভীর আঞ্জুম আবীরের ছবিও স্থান পেয়েছে একটি শুভেচ্ছাপত্রে। মা শাহিন আক্তার বললেন, ‘যখন জানতে পারলাম ছেলের ছবি নির্বাচিত হয়েছে, তখন যে কেমন লেগেছিল তা ভাষায় প্রকাশ করতে পারব না। আমার স্বপ্ন পূরণ হয়েছে।’
আরেকজন আঁকিয়ে রাদিফ আহসান চৌধুরী শুধু বলতে পারল সে ছবিতে চাঁদ আর তারাবাতি এঁকেছিল। সেও ভালো গান গায়। এ কে এম আকিবুল হক বুলবুল ললিতকলা একাডেমিতে (মিরপুর শাখা) গান ও ছবি আঁকায় এবার চতুর্থ বর্ষে উঠবে। সাধারণ প্রতিযোগীদের সঙ্গে প্রতিযোগিতায় সে প্রথম হয়েছে।
অর্ণব আইচ সরকার, ফারাজ হাসিন সুহান, আতিফ তৈয়্যেবা আনোয়ার আঁচলের ছবিও নির্বাচিত হয়েছে। ২০১১ সালে এ প্রতিষ্ঠান থেকে নির্বাচিত হওয়া প্রথম শিশু আদিবা ইবনাত পশলার জ্বর ছিল বলে গতকাল ফাউন্ডেশনে যেতে পারেনি। তবে তার কথা গর্বের সঙ্গেই বললেন প্রতিষ্ঠানের শিক্ষক ও অন্য অভিভাবকেরা। শৈশব বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান তার আঁকা ছবি দিয়ে পোশাকও তৈরি করেছে। সব থেকে বড় কথা সে এখন বিকেল বেলা অন্য অটিস্টিক শিশুদের দেখাশোনার কাজ করছে স্বেচ্ছাসেবক হিসেবে।
কাজী ইনতিসার ফায়েত শাবাবের ছবি নির্বাচিত হয় গত বছরের নিউ ইয়ার্স ডেতে। মা শ্যামলী আক্তার বললেন, ‘এরা যে তাদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছে তাই বিরাট ব্যাপার।’ কথা বলার ফাঁকে শাবাব গাইল ‘তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে...’।