চলমান রাজনৈতিক সংকট নিরসন ও সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথ বের করতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতারা আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। আগামীকাল বুধবার তাঁরা বৈঠক করবেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে।
সিপিবির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এসব কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সন্ধ্যা সাড়ে সাতটায় গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সিপিবি-বাসদের নেতারা বৈঠক করবেন। কাল বুধবার বিএনপির চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াসহ বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা।
চলমান সংকট নিরসনে সিপিবি-বাসদের নেতারা ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করেছেন। এর অংশ হিসেবে তাঁরা গণফোরাম ও গণতান্ত্রিক বাম মোর্চার সঙ্গে বৈঠক করেছেন।
রাজনৈতিক সংকট নিরসন ছাড়াও মানবতাবিরোধী অপরাধের বিচার ত্বরান্বিত করে রায় কার্যকর করা; জামায়াত-শিবির নিষিদ্ধ করা; রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিল করা; পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার ডাক দিয়ে সিপিবি-বাসদ আগামী ৩ থেকে ৭ নভেম্বর সারা দেশে গণ-অভিযান কর্মসূচি পালন করবে।