প্রধানমন্ত্রীর সঙ্গে আজ লালমনিরহাটের নেতাদের মতবিনিময়
গণভবনে আজ শনিবার লালমনিরহাটের পাঁচটি উপজেলা, দুটি পৌরসভা ও ৪৫টি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতবিনিময় করবেন।দলীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন এবং সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমানের নেতৃত্বে ৩৪০ জনের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ে অংশ নেবে। প্রধানমন্ত্রীর সঙ্গে এই মতবিনিময় সভাকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ বিরাজ করছে।লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বলেন, ক্ষমতার বাইরে থাকার সময় দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে উচ্চপর্যায়ের নেতাদের যে নৈকট্য দেখা যায়, ক্ষমতায় গেলে সে ব্যাপারটি রক্ষা করা কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ের এ সুযোগ দলকে চাঙা করবে।