সংসদীয় কমিটির সভায় তথ্য
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর অর্পিত সম্পত্তি আইন সংসদে উপস্থাপিত হবে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার পর অর্পিত সম্পত্তি (সংশোধন) আইন, ২০১০ জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় গত সোমবার দিনের কার্যসূচিতে থাকলেও এটি সংসদে উপস্থাপন করা হয়নি।গতকাল মঙ্গলবার সংসদ ভবনে ভূমি মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক। কমিটির গত আটটি সভায় নেওয়া সুপারিশমালার মধ্যে কয়টি বাস্তবায়িত হয়েছে তা নিয়েও গতকাল আলোচনা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, সভায় অর্পিত সম্পত্তি (সংশোধন) আইন সম্পর্কে মন্ত্রী বলেন, প্রস্তাবিত আইনটি নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন ওঠায় এটি আরও পর্যালোচনা করে দেখার পর সংসদে দেওয়া হবে। কারণ এটি একটি স্পর্শকাতর এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এ ব্যাপারে তাঁর সঙ্গে আলোচনা করে আইনটি চূড়ান্ত করা হবে।সভায় জানানো হয়, বর্তমান গণতান্ত্রিক সরকার প্রকৃত মত্স্যজীবীদের স্বার্থ পুরোপুরি সংরক্ষণ করার জন্য ‘জাল যার জলা তার’—এই নীতি সুষ্ঠু বাস্তবায়নের জন্য জলমহালনীতি প্রণয়ন করেছে এবং এই নীতি অনুযায়ী কাজও শুরু হয়েছে। বর্তমান সরকারের রূপকল্প অনুসারে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে সব কাজ কম্পিউটারাইজড করা হচ্ছে।সভায় ভূমি মন্ত্রণালয় এবং এর বিভিন্ন দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।