প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস প্যাসিফিক কমান্ডারের সাক্ষাৎ

বাংলাদেশে সফররত ইউএস প্যাসিফিক কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল হ্যারি বি হ্যারিস জুনিয়র গতকাল রোববার সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
এর আগে তিনি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় নৌসদরের পিএসও, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে, প্রতিনিধিদলের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নৌসদরের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল হ্যারি বি হ্যারিস জুনিয়রের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। তাঁরা কুশল বিনিময় ও দ্বিপক্ষীয় বিষয়ে মতবিনিময় করেন। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ডারের এই সফর দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়। আইএসপিআর