প্রধানমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাত্
বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত জর্জিও গুগলিয়েলমিনো গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। খবর বাসসের।সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রদূত ইতালিতে কর্মরত বাংলাদেশি জনশক্তি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে বলেন, তাঁর সরকার জনশক্তি রপ্তানির আগে শ্রমিকদের সংশ্লিষ্ট দেশের ভাষা শিক্ষা ও অন্যান্য প্রশিক্ষণ দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে ইতালির বিখ্যাত শিল্পী মিম্মো পালাদিনোর আঁকা একটি বিশেষ শিল্পকর্ম প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এ ছাড়া কবিগুরু রবীন্দ্রনাথের কবিতার অনুবাদ প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হয়।