প্রধানমন্ত্রীর সঙ্গে কক্সবাজারের তৃণমূল নেতাদের সভা আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সোমবার রাজধানীর গণভবনে মতবিনিময় করবেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতারা।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে আহমদ হোসেন ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদের নেতৃত্বে ২৪ সদস্যের একটি দল এখন ঢাকায় অবস্থান করছে।
সালাহ উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, দলের জেলার নয়টি উপজেলা, দুটি পৌরসভা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৪ জনকে গণভবনে ডাকা হয়েছে।
দলীয় নেতারা জানান, মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সম্মেলন, সাংগঠনিক কার্যক্রম ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা হতে পারে।
জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ফরিদুল আলম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের একটাই দাবি, তিনি যেন মেয়াদোত্তীর্ণ জেলা আওয়ামী লীগের কমিটি বাতিল করে দেন এবং সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করে নতুন নেতৃত্ব তৈরির সুযোগ দেন। অন্যথায় জেলার চারটি সংসদীয় আসনে দলের জয়লাভের সম্ভাবনা নেই।’
নাম প্রকাশে অনিচ্ছুক দলের একজন নেতা বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে দলের তৃণমূল নেতাদের এই বৈঠকে কক্সবাজারের (উখিয়া-টেকনাফ) বিতর্কিত সাংসদ আবদুর রহমান বদিকে ডাকা হয়নি। বৈঠকে সাংসদ বদির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরবেন নেতারা।’
এ প্রসঙ্গে সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমি ২৪ জনের নাম পাঠিয়েছি। সেখানে কোনো সাংসদের নাম নেই।’
দলের তৃণমূল নেতারা বলেন, জেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেনের সঙ্গে সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদের বিরোধ চলছে দেড় বছর ধরে। এ কারণে চারটি উপজেলা ও একটি পৌরসভার সম্মেলন শেষ করা যাচ্ছে না।
কক্সবাজার পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান বলেন, দলের জেলা কমিটি পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে। ফলে দলের কার্যক্রম ঠিকমতো পরিচালিত হচ্ছে না। এখন সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি দরকার।