প্রধানমন্ত্রীর সঙ্গে চট্টগ্রামের তৃণমূল নেতাদের সভা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে আজ শুক্রবার বিকেলে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকার গণভবনে এই মতবিনিময় সভায় সাংগঠনিক অবস্থা এবং আগামী নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। চট্টগ্রামের জেলা পর্যায়ের তিনটি সাংগঠনিক কমিটির ৬৯ জন নেতা আজ মতবিনিময় সভায় যোগ দেবেন।
চট্টগ্রাম মহানগর তৃণমূলের ৩২ নেতার নেতৃত্ব দিচ্ছেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, দক্ষিণ চট্টগ্রামের ২০ জনের নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ জেলার সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এবং উত্তর চট্টগ্রামের ১৭ জনের নেতৃত্ব দিচ্ছেন উত্তর জেলার সভাপতি নুরুল আলম চৌধুরী।
দলীয় সূত্র জানায়, আগামী নির্বাচনে চট্টগ্রামের প্রতিটি আসন থেকে তিনজন করে সম্ভাব্য প্রার্থীর নামের তালিকা প্রধানমন্ত্রীর হাতে দেওয়া হবে। ইতিমধ্যে ৬৯ জনের প্রায় সবাই ঢাকায় পৌঁছেছেন।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা গত ১৪ সেপ্টেম্বর নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করে চার আসনে ১৭ জনের নাম পেয়েছি। প্রধানমন্ত্রীর কাছে প্রতি আসনে তিনজন করে মনোনয়নপ্রত্যাশীর নামের তালিকা তুলে দেওয়া হবে।’
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম প্রথম আলোকে বলেন, ‘গণভবনে তৃণমূল নেতাদের মতামত নেবেন প্রধানমন্ত্রী। তিনি দিকনির্দেশনাও দেবেন। আমরাও প্রতিটি আসনের তিনজন করে মনোনয়নপ্রত্যাশীর তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করব। প্রার্থী কে হবেন, সে ব্যাপারে সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী।’