প্রধানমন্ত্রীর সঙ্গে থাই রাজকুমারীর সাক্ষাত্
সফররত থাইল্যান্ডের রাজকুমারী মাহা চাকরি সিরিনধর্ন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন যমুনায় সাক্ষাত্ করেছেন। সাক্ষাত্কালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। খবর বাসসের।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রেস ব্রিফিংয়ে জানান, থাই রাজকুমারী জলবায়ুসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের অসাংবিধানিক শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠায় শেখ হাসিনার দৃঢ় ভূমিকারও প্রশংসা করেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্যকে এ অঞ্চলের প্রধান সমস্যা আখ্যায়িত করে দারিদ্র্য বিমোচনে সম্মিলিত প্রয়াসের ওপর গুরুত্ব আরোপ করেন। এ প্রসঙ্গে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে তিনি তাঁর সরকারের খাদ্যনিরাপত্তা, বয়স্কভাতা, বিধবাভাতা, গৃহায়ণ, ঘরে ফেরাসহ বিভিন্ন সামাজিক পদক্ষেপ তুলে ধরেন।হেলথ কেয়ার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়া প্রসঙ্গে থাইল্যান্ডের রাজকুমারীর আগ্রহের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, গ্রামের সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্যই এ প্রকল্প গ্রহণ করা হয়েছে।