প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান মা-বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে আগামী সোমবার কুমিল্লায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আকুতি জানিয়েছেন শহর ছাত্রলীগের সভাপতি এম সাইফুল ইসলামের মা–বাবা। গতকাল শনিবার নগরের গোবিন্দপুর এলাকার নিজ বাসায় তাঁরা এই আকুতি জানান।
১১ এপ্রিল প্রতিপক্ষরা কুপিয়ে ও গুলি করে সাইফুল ইসলামকে জখম করে। ১২ এপ্রিল তিনি কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় মামলা দায়ের হলেও এখন পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।
নিহত সাইফুলের বাবা নূরুল হুদা অভিযোগ করেন, এখন পর্যন্ত একজন আসামিও ধরা পড়েনি। ওপরওয়ালাদের ইশারায় আসামিদের ধরতে পুলিশের অনীহা দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, ‘১০ মে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর কাছে সাইফুল হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছি। এখন প্রধানমন্ত্রী কুমিল্লায় আসছেন। তাঁর কাছে সরাসরি ছেলে হত্যার বিচারপ্রাপ্তির সুযোগ চাই।’