প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হারানো গৌরব পুনরুদ্ধারে এবং প্রতিযোগিতামূলক বিশ্বের সঙ্গে তাল মেলাতে শিক্ষায় বিশ্বমান বজায় রাখতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির (ডিইউটিএ) নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে সংগঠনের নতুন নেতারা গতকাল রোববার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। শিক্ষা খাতে গবেষণা বাড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের বঙ্গবন্ধু বৃত্তি চালু করা হবে।শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়কে স্বনির্ভর করতে একটি ট্রাস্ট ফান্ড গঠন এবং অ্যালামনাই সদস্য ও সমাজের বিত্তশালীদের কাছ থেকে তহবিল সংগ্রহে শিক্ষকদের পরামর্শ দেন।এ সময় অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা আলাউদ্দীন আহমেদ, মুখ্য সচিব শেখ ওয়াহিদ উজ জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, প্রেস সচিব আবুল কালাম আজাদ ও ডিইউটিএর সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান উপস্থিত ছিলেন।