প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে ফরায়েজির পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যাকাণ্ডের শিকার কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবউদ্দিন ফরায়েজির পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। গতকাল রোববার সন্ধ্যায় তাঁরা গণভবনে যান। পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৭ অক্টোবর পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের বটতলী ছড়া থেকে সাহাবউদ্দিন ফরায়েজির লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর ছেলে মেহেদী হাসান ফরায়েজি গত রাত সাড়ে নয়টায় প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের সান্ত্বনা দিয়েছেন। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন।’
জানতে চাইলে আবুল কাশেম প্রথম আলোকে বলেন, নিহত সাহাবউদ্দিন ফরায়েজির স্ত্রী জেবুন্নেছা বেগম প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘পুলিশ চিহ্নিত কোনো আসামিকে ধরতে পারেনি। চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম ছাড়া ঘটনার পর আওয়ামী লীগের কোনো নেতা তাঁদের খোঁজ নেননি। প্রধানমন্ত্রী তাঁদের আশ্বস্ত করেছেন, এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার হবে।’