প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ রাজকুমারী অ্যানের সাক্ষাৎ
সফররত ব্রিটেনের রাজকুমারী অ্যান গতকাল মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, গণতন্ত্রকে সুসংহতকরণ, শিক্ষার উন্নয়ন এবং বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, রাজকুমারী প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনাকালে নারীর ক্ষমতায়ন, জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূল এবং বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণে তাঁর (প্রধানমন্ত্রী) ভূমিকার প্রশংসা করেন।প্রধানমন্ত্রী তাঁর সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন কর্মসূচি তুলে ধরে বলেন, বর্তমান সরকার গণতন্ত্রকে আরও সুসংহত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা বলেন, তাঁর বিশ্বাস, নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক শাসনব্যবস্থা ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়।নারীর ক্ষমতায়নে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, তাঁর বিগত সরকারের আমলে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারগুলোয় প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নারী সদস্য নির্বাচনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী জানান, বিগত জাতীয় নির্বাচনেও তাঁর দল উল্লেখযোগ্যসংখ্যক নারীকে মনোনয়ন দেয়। এ ছাড়া বর্তমান সরকারের অনেক গুরুত্বপূর্ণ পদে নারীরা রয়েছেন।শেখ হাসিনা শিক্ষার উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দসহ তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু এবং এ বছর মাধ্যমিক পর্যন্ত বিনা মূল্যে ছাত্রছাত্রীদের মধ্যে বই প্রদান করা হয়েছে। রাজকুমারী অ্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তাঁর নেতৃত্বে মাতৃ ও শিশুমৃত্যুর হার হ্রাসের জন্য বাংলাদেশ জাতিসংঘ এমডিজি অ্যাওয়ার্ড পাওয়ায় তিনি শেখ হাসিনাকে অভিনন্দন জানান। এএসএফের কার্যালয় পরিদর্শন: রাজকুমারী অ্যান গতকাল রাজধানীর বনানীতে অবস্থিত এসিড সারভাইভারস ফাউন্ডেশন (এএসএফ) কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় তিনি এসিডে আক্রান্ত কয়েকজন নারীর সঙ্গে কথা বলেন।এএসএফের নির্বাহী পরিচালক মনিরা রহমান এ সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি জানান, এএসএফের এসিড-সন্ত্রাসবিরোধী প্রচার ও বিভিন্ন গণসচেতনতামূলক কর্মকাণ্ডের কারণে দেশে এসিডে আক্রান্ত নারীর সংখ্যা কমেছে। ২০০২ সালে দেশে পাঁচ শতাধিক এসিড নিক্ষেপের ঘটনা ঘটে। অথচ ২০১০ সালে দেশে এসিড-সন্ত্রাসের শিকার হয়েছে ১০০ জনের কিছু বেশি।