প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত ও যুক্তরাজ্যের নতুন হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রীংলা ও যুক্তরাজ্যের নবনিযুক্ত হাইকমিশনার অ্যালিসন ব্লেইক গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
দুই নতুন হাইকমিশনার পৃথকভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। খবর বাসসের।
ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে হর্ষ বর্ধন শ্রীংলা বলেন, ঢাকার সঙ্গে তাঁদের সম্পর্ককে নয়াদিল্লি সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এবং এই সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায়।
বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে মোটরযান চুক্তির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, চারটি দেশের মধ্যে যোগাযোগ জোরদারে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর বন্ধ হয়ে যাওয়া রেলরুট বাংলাদেশ আবার চালু করতে চায়।
বৈঠকে প্রধানমন্ত্রী দারিদ্র্যমুক্ত, উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে প্রতিবেশীদের সহযোগিতা চেয়েছেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন বিষয়ে শেখ হাসিনা বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
ভারতীয় হাইকমিশনার গত সাত বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থসামাজিক খাতে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন।
হর্ষ বর্ধন শ্রীংলা দুই দেশের জনগণের যাতায়াত সহজ করতে সীমান্তে আরও তল্লাশিচৌকি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ভারতের কোম্পানিগুলো বাংলাদেশে আরও বিনিয়োগ করতে আগ্রহী।
সার্ক স্যাটেলাইট উৎক্ষেপণে ভারতের উদ্যোগের কথা উল্লেখ করে হর্ষ বর্ধন বাংলাদেশকে এতে যোগ দিতে আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী হিন্দিসহ ভারতের অন্যান্য ভাষায় অনুবাদের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক-বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী ও প্রধানমন্ত্রী মুখ্য সচিব আবুল কালাম আজাদ বৈঠকে উপস্থিত ছিলেন।
হর্ষ বর্ধন শ্রীংলা গত ১৪ জানুয়ারি ভারতের হাইকমিশনারের দায়িত্ব নিয়ে ঢাকায় আসেন।

ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ: বাংলাদেশে নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন।
অ্যালিসন ব্লেইক বলেন, বাংলাদেশের উন্নয়ন প্রয়াসে যুক্তরাজ্যের সহায়তা অব্যাহত থাকবে। ব্রিটিশ ব্যবসায়ীরা বাংলাদেশে তাঁদের বাণিজ্য বাড়াতে আগ্রহী, বিশেষ করে জ্বালানি খাতে।
প্রধানমন্ত্রী ২০১৫ সালের মে মাসে অনুষ্ঠিত যুক্তরাজ্য পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত তিন সাংসদ নির্বাচিত হওয়ায় আনন্দ প্রকাশ করেন।
তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ইন্টারনেট সেবাকে সারা দেশে ছড়িয়ে দিয়েছি। অনলাইনে ২৫৭ ধরনের সেবা দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায়, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বাংলাদেশ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।