প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের বিমানবাহিনীর প্রধান মার্শাল অরূপ রাহা এবং তাঁর স্ত্রী লিলি রাহা। এ সময় অর্থনীতি ও যোগাযোগসহ বিভিন্ন খাতে পারস্পরিক স্বার্থ ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়। খবর বাসসের।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবেশী দেশগুলোর উন্নয়নের জন্য দেশগুলোর মধ্যে আরও অর্থনৈতিক কার্যক্রম জোরদারে বিবিআইএন উদ্যোগ ও বিসিআইএম অর্থনৈতিক করিডরের মতো গৃহীত আঞ্চলিক সহযোগিতা প্রচেষ্টার কথা তুলে ধরেন। তিনি বলেন, বিবিআইএন উদ্যোগ এবং বিসিআইএম করিডরের মতো সহযোগিতা একসময় কার্যকর ভূমিকা রাখবে। দেশগুলোর মধ্যে আরও অর্থনৈতিক কার্যক্রম জোরদারের একটি নতুন সম্ভাবনা তৈরি হবে।
শেখ হাসিনা ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধকালে ভারতীয় মিত্রবাহিনীর সহযোগিতা ও ত্যাগের কথা স্মরণ করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের পর ভারতে তাঁর ছয় বছর প্রবাসজীবনের কথাও স্মরণ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট পরিচালনার পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, উত্তর ভারতের রাজ্যগুলোর লন্ডন ও ইউরোপমুখী নাগরিকেরা ট্রানজিটের জন্য এই বিমানবন্দর ব্যবহার করতে পারেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা পারস্পরিক সহযোগিতা জোরদারে প্রতিবেশী দেশগুলোর নেতাদের রাষ্ট্রীয় সফরের পাশাপাশি আরও ব্যক্তিগত সফরের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্তহাট বৃদ্ধির ওপরও জোর দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন ভারতের বিমানবাহিনীর প্রধান। তিনি বলেন, দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা কয়েক বছরে বৃদ্ধি পেয়েছে। সামরিক প্রশিক্ষণ পর্যায়ে অনেক সফর অনুষ্ঠিত হচ্ছে।
অরূপ রাহা বলেন, ১৯৭১ সালে বীরত্বপূর্ণ অবদানের জন্য ভারতীয় যোদ্ধাদের বাংলাদেশ যে সম্মাননা জানিয়েছে, তাতে তাঁরা অত্যন্ত খুশি। বাংলাদেশি যোদ্ধাদেরও ভারত সম্মাননা জানাবে। ভারতের বিমানবাহিনী প্রধান তাঁদের কাছে থাকা যুদ্ধবিমান দিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে অবদান রাখার প্রস্তাব দেন।