প্রধানমন্ত্রীর সঙ্গে মেহেরপুর আ.লীগের মতবিনিময় আজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আজ শনিবার দুপুর ১২টায় মেহেরপুর জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে। দলীয় সূত্র জানায়, জেলা আওয়ামী লীগের সভাপতি ও মেহেরপুর-১ (সদর) আসনের সাংসদ জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি পক্ষ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মিয়াজান আলীর নেতৃত্বে আরেকটি পক্ষ পৃথকভাবে সভায় প্রধানমন্ত্রীর কাছে তাঁদের অভিযোগ তুলে ধরবে। জেলা কমিটির শিক্ষা ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আবদুল মান্নান জানান, এই মতবিনিময় সভা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। সাংসদ জয়নাল আবেদীন বলেন, ‘দলের প্রতিটি ইউনিটের সভাপতি ও সম্পাদক আমার পক্ষে। ফলে আমার বিরুদ্ধে দলের অন্য পক্ষ কিছু বলতে গেলে দলীয় নেতারাই তা প্রতিহত করবে।’ মেহেরপুরের উন্নয়নের ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে কিছু সুপারিশ তুলে ধরবেন বলেও তিনি জানান। মিয়াজান আলী বলেন, ‘সাংসদের দুর্নীতি দলকে অত্যন্ত ক্ষতিগ্রস্ত করছে। নেতারা এতে ক্ষুব্ধ। আমরা প্রধানমন্ত্রীর কাছে সাংসদের দুর্নীতির বিষয়টি তুলে ধরব।’