প্রধানমন্ত্রীর সঙ্গে রুশনারার সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোশাক খাতে কমপ্লায়েন্স অনুসরণে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পকে সহায়তা দেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পণ্যমূল্য বৃদ্ধির মাধ্যমে এই খাতে কমপ্লায়েন্স অনুসরণ করার ক্ষেত্রে বাংলাদেশের পোশাকশিল্পকে সহায়তা দিয়ে আন্তর্জাতিক ক্রেতারা অবদান রাখতে পারে। খবর বাসস ও ইউএনবির।
যুক্তরাজ্যের এমপি রুশনারা আলী ও শাবানা মাহমুদ গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।
ব্রিটিশ দুই এমপি প্রধানমন্ত্রীকে অবহিত করেন, তাঁরা পণ্যমূল্য বৃদ্ধির লক্ষ্যে ক্রেতাদের ওপর চাপ সৃষ্টি করার জন্য যুক্তরাজ্যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাঁরা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রেহানা বেগমের প্রাণহানির বিষয়টি উত্থাপন করেন। গত ২ আগস্ট রেহানা সুনামগঞ্জে নিহত হন। 

আনোয়ার হোসেনকে দেখতে হাসপাতালে: প্রধানমন্ত্রী গতকাল বিকেলে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট চলচ্চিত্রশিল্পী আনোয়ার হোসেনকে দেখতে যান। এ সময় তিনি তাঁর চিকিৎসা সহায়তায় আত্মীয়দের হাতে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা: প্রধানমন্ত্রী গতকাল তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে এক অনুষ্ঠানে রানা প্ল্লাজা ধসে পঙ্গু হয়ে যাওয়া ১০ পোশাকশ্রমিককে এক কোটি পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্র দেন। চলতি বছরের ২৪ এপ্রিল এই মর্মান্তিক ঘটনা ঘটে।
অনুদান গ্রহণ: প্রধানমন্ত্রী গতকাল তাঁর ত্রাণ তহবিলে দেওয়া দুটি মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনুদান গ্রহণ করেন।