প্রধানমন্ত্রীর সঙ্গে রেডক্রসের বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক রেডক্রস কমিটির বাংলাদেশ ডেলিগেশনের প্রধান ক্রিস্টিন কিপোল্লা গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। খবর বাসসের। ক্রিস্টিন কিপোল্লা ১৯৭১ সাল থেকে বাংলাদেশে মানবহিতৈষী আন্তর্জাতিক আইন বাস্তবায়ন এবং প্রাকৃতিক দুর্যোগ বা অভিবাসনের কারণে বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনসহ সংস্থার বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

ক্রিস্টিন রেডক্রসকে অব্যাহত সহায়তার জন্য শেখ হাসিনার সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঢাকায় রেডক্রস ডেলিগেশন স্থাপনের জন্য ২০১০ সালে বাংলদেশ সরকার ও রেডক্রসের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। তিনি মুক্তিযুদ্ধে সংস্থার তৎপরতা এবং স্বাধীনতার পর বঙ্গবন্ধুর সঙ্গে বিভিন্ন কর্মকাণ্ডের দুর্লভ কিছু ছবি ও নথিপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

জবাবে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এসব ছবি ও নথিপত্র আগামী প্রজন্মকে বাংলাদেশের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করবে।