প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন শচীন টেন্ডুলকার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার। গতকাল সোমবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশের মাটিতে শততম সেঞ্চুরি করায় প্রধানমন্ত্রী তাঁকে অভিনন্দন জানান।সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ছেলে সজীব ওয়াজেদ, মেয়ে সায়মা ওয়াজেদ, শেখ রেহানা ও তাঁর ছেলে রেদুয়ান সিদ্দিকী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আ হ ম মুস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।সাক্ষাৎ শেষে শততম সেঞ্চুরি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শচীন বলেন, ‘ভালো লাগছে। আমি অনেক দিন ধরে কোনো কারণ ছাড়াই ৯৯তম সেঞ্চুরিতে আটকে ছিলাম।’ তিনি বাংলাদেশের ক্রিকেট-দর্শকের প্রশংসা করে বলেন, ‘এ দেশের মানুষ বন্ধুবৎসল ও আন্তরিক।’ক্রিকেটে বাংলাদেশের অপার সম্ভাবনা আছে মন্তব্য করেন শচীন বলেন, বাংলাদেশ দলে অনেক মেধাবী খেলোয়াড় আছে। আর অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-১৭ পর্যায়েও খেলা চালু আছে। এসব ধারাবাহিকতা ধরে রাখলে খুব দ্রুত উন্নতি সম্ভব। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকে ‘চমৎকার মুহূর্ত’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমি জানতাম না, উনি ক্রিকেটের এত বড় ভক্ত। উনি ক্রিকেট পছন্দ করেন, ক্রিকেট দেখেন। তাঁর সঙ্গে কথা বলে ভালো লেগেছে। এটা অনেক সম্মান ও গৌরবের।’ভারতের বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ: বাসস জানায়, ভারতের বিমানবাহিনীর প্রধান এন এ কে ব্রাউন বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন। এ সময় শেখ হাসিনা বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতির আলোকে আমরা সব সময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতায় গুরুত্ব দিয়ে থাকি এবং বিশ্বের অন্যান্য দেশের সঙ্গেও একই নীতি অনুসরণ করি।’এ সময় অন্যান্যের মধ্যে ভারতের বিমানবাহিনীর প্রধানের স্ত্রী ও ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ উপস্থিত ছিলেন।