প্রধানমন্ত্রীর সঙ্গে সুষমার সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুজনের মধ্যে বৈঠক হয়।
এর আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। সকাল ১০টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকটি শুরু হয়ে বেলা ১১টার দিকে শেষ হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও ভারতের পক্ষে দেশটির সফররত পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ নেতৃত্ব দেন। বৈঠকে দুই দেশের পররাষ্ট্রসচিব উপস্থিত ছিলেন।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যকার এই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আজ দুপুরে সাংবাদিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। বিকেলে ভারতের পক্ষ থেকে ব্রিফ করবেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরুদ্দিন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তাঁর কার্যালয়ে যান ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন সুষমা স্বরাজ। এরপর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক সেমিনারে বক্তৃতা করবেন তিনি। রাতে যোগ দেবেন তাঁর সম্মানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া নৈশভোজে।
তিন দিনের ‘শুভেচ্ছা সফরে’ গতকাল বুধবার রাতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
ভারতে সম্প্রতি বিজেপি সরকার দায়িত্ব নেওয়ার পর সুষমা স্বরাজের সফরটি বাংলাদেশে দিল্লির পক্ষ থেকে উচ্চ রাজনৈতিক পর্যায়ে প্রথম সফর।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন সুষমা