প্রধানমন্ত্রীর সঙ্গে হেডম্যান ও আদিবাসী নেতাদের বৈঠক ১৮ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন পার্বত্য জেলার মৌজার হেডম্যানদের (মৌজাপ্রধান) ১৮ সেপ্টেম্বর গণভবনে বৈঠক হচ্ছে। তৃণমূল পর্যায়ের সামাজিক প্রধান হিসেবে হেডম্যানরা বৈঠকে ভূমি সমস্যা, বিচারব্যবস্থা, রোহিঙ্গা অনুপ্রবেশ ও পার্বত্য চুক্তি বাস্তবায়নসহ পার্বত্য অঞ্চলের সামাজিক-রাজনৈতিক বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা তুলে ধরবেন বলে জানা গেছে। স্বাধীনতার ৪২ বছর পর এবারই প্রথম কোনো সরকারপ্রধান ঐতিহ্যগত সামাজিক প্রধান হেডম্যানদের সঙ্গে বৈঠক করছেন। এ জন্য সরাসরি প্রধানমন্ত্রীর কাছে মৌজার সম্ভাবনা ও পুঞ্জিভূত সমস্যার কথা তুলে ধরার সুযোগ পাবেন আশায় হেডম্যানদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে (তিন পার্বত্য জেলা) ৩০০টি মৌজা বা ইউনিটে বিভক্ত করে ৩০০ জন হেডম্যান নিয়োগ দেওয়া হয়। হেডম্যানরা প্রথাগত নিয়মবিধি অনুযায়ী, আদিবাসীদের সামাজিক প্রশাসন পরিচালনা করেন। ভূমি ব্যবস্থাপনাও তাঁদের ওপর ন্যস্ত। রোয়াংছড়ির হেডম্যান হ্লাথোয়াই হ্রী মারমা বলেছেন, বান্দরবানের প্রধানতম সমস্যা বহিরাগত প্রভাবশালীদের ভূমি দখল। আদিবাসীরা ভূমি হারিয়ে এখন নিজ ভূমে পরবাসীর জীবন যাপন করছেন। বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে বান্দরবানের হেডম্যানরা তুলে ধরার চেষ্টা করবেন। বান্দরবানের জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম বলেছেন, বৈঠকে শুধু পার্বত্য অঞ্চলের জনপ্রতিনিধি ও প্রথাগত সামাজিক নেতারা অংশগ্রহণ করবেন। হেডম্যান নেটওয়ার্কের সভাপতি রাংলাই ম্রো বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদিবাসী জনগোষ্ঠীর প্রতি অত্যন্ত আন্তরিক বলে হেডম্যান ও আদিবাসী নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন। কিন্তু আমলাতান্ত্রিক অচলায়তন ও পারিপার্শ্বিক অনেক বাধার কারণে বড় কিছু করা অনেক সময় সম্ভব হয় না।