প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজশাহীবাসীর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে কোনো জনসভায় ভাষণ দিতে যাচ্ছেন। আগামী বৃহস্পতিবার রাজশাহী মাদ্রাসা ময়দানের জনসভায় তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।রাজশাহীর উন্নয়নে এলাকাবাসী ১৪ দফা দাবিনামা তৈরি করেছে। এরই মধ্যে বিবেচনার জন্য দাবিগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।স্থানীয় আওয়ামী লীগের সূত্র জানায়, সফরকালে প্রধানমন্ত্রী জেলার পবা উপজেলার কাটাখালিতে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র উদ্বোধন, অন্য একটি ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতা ফজিলাতুননেসা ছাত্রী হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর আগে প্রধানমন্ত্রী রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্রেন্টি রেজিমেন্টের দশম বর্ষপূর্তি অনুষ্ঠানে অংশ নেবেন। জনসভা সফল করতে আওয়ামী লীগসহ মহাজোট এবং প্রধানমন্ত্রী যেসব প্রতিষ্ঠানে যাবেন, সেসব প্রতিষ্ঠান সব প্রস্তুতি সম্পন্ন করেছে।স্থানীয় আওয়ামী লীগের সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগর আওয়ামী লীগ, রাজশাহীর সাতজন সাংসদ এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান যৌথভাবে ১৪ দফা দাবিনামায় স্বাক্ষর করেছেন।দাবিগুলোর মধ্যে রয়েছে: রাজশাহী মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, রাজশাহীতে বরেন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, রাজশাহী অঞ্চলকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ঘোষণা, রাজশাহীর ঐতিহ্যবাহী মৃতপ্রায় রেশম শিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে সরকারি পৃষ্ঠপোষকতা দাবি, উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন—গঙ্গা ব্যারাজ নির্মাণ—পদ্মা নদীতে ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি, রাজশাহীতে শেখ রাসেল স্মৃতি শিশু হাসপাতাল নির্মাণ, রাজশাহীতে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) স্থাপনের দাবি, ভেটেরিনারি কলেজ ও পোলট্রি ইনস্টিটিউট স্থাপনের দাবি, রাজশাহীতে আইটি ভিলেজ স্থাপন, আধুনিক মিলনায়তনসহ কালচারাল সেন্টার স্থাপন, রাজশাহী পর্যটন মোটেলকে তিন তারকা হোটেলে উন্নীতকরণ, রাজশাহী শহর রক্ষা বাঁধের পশ্চিমে দুই কিলোমিটার সম্প্রসারণ, রাজশাহী-ঢাকা ননস্টপ আন্তনগর ট্রেন চালু এবং রাজশাহীতে পূর্ণাঙ্গ টিভি স্টুডিও স্থাপন।এই ১৪ দফার প্রধান দাবি, রাজশাহী মেডিকেল কলেজকে শহীদ কামরুজ্জামান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তর। এ দাবিতে বেশ কিছুদিন ধরে কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন। এ নিয়ে তাঁরা মানববন্ধন ও প্রতীকী অনশনও করেছেন। এ ছাড়া উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে আন্দোলন চলছে।প্রধানমন্ত্রীর সফরকে সফল করতে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান এ কমিটির চেয়ারম্যান। এসব দাবির ব্যাপারে তিনি বলেন, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে অবহেলিত রাজশাহী অঞ্চলের উন্নয়নের দ্বার উন্মোচিত হবে। জনসভায় রাজশাহী অঞ্চলের উন্নয়নে ১৪ দফা দাবি তুলে ধরা হবে। দাবিগুলোর সিংহভাগই পূরণ হবে বলে তিনি আশাবাদী।মহাজোট সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী প্রথম রাজশাহীতে আসেন বাংলাদেশ পুলিশ একাডেমিতে এবং দ্বিতীয়বার আসেন চাঁপাইনবাবগঞ্জে।