প্রধানমন্ত্রীর সফর চূড়ান্ত করতে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর চূড়ান্ত করতে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক দুদিনের সফরে দিল্লি আসছেন। আগামী বুধবার দিল্লি এসে সফরের খুঁটিনাটি চূড়ান্ত করে তিনি পরদিন ঢাকা ফিরে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতাসীন হওয়ার পর এটাই হবে শেখ হাসিনার প্রথম দ্বিপক্ষীয় ভারত সফর।
ভারতের সরকারি সূত্র জানায়, প্রাথমিক আলোচনায় সফরের দিন হিসেবে ৩ ও ৪ ডিসেম্বরকে বেছে নেওয়া হয়েছে। নরেন্দ্র মোদির সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা ছাড়াও শেখ হাসিনা এই সফরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর শহীদদের বিশেষ সম্মান জানাবেন। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চলছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ভারত সফরে আরও দুটি বিষয়ে শেখ হাসিনা আগ্রহ প্রকাশ করেছেন। একটি হলো আজমির শরিফ যাওয়া, অন্যটি শান্তিনিকেতন। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ‘বাংলাদেশ হাউস’ গড়ে তুলতে অনেক দিন ধরেই আগ্রহী তিনি। সব ঠিক থাকলে হাসিনা শান্তিনিকেতনেও যেতে পারেন। সেখানে গেলে তাঁর সঙ্গে দেখা হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত বছর ঢাকায় সফরে মমতা বলেছিলেন তিস্তা নিয়ে তাঁর ওপর ভরসা রাখতে। সফরের এসব চূড়ান্ত করতেই শহীদুল দিল্লি আসছেন। তিনি ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন।