প্রধানমন্ত্রীর সফরকালে যাত্রীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার নির্বাচনী সফরে ফরিদপুরে আসেন। ঢাকা থেকে সড়কপথে আসায় ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে যাতায়াতকারী যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা চৌরাস্তা থেকে কাওড়াকান্দি ঘাটগামী সব যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে মাওয়া ঘাট দিয়ে যাতায়াতকারী খুলনা, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, বাগেরহাটসহ বিভিন্ন জেলার ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগের মধ্যে পড়তে হয়।
জনসভাস্থলের পাশ দিয়ে মাওয়ার দিক কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে যাওয়ার সময় খুলনার আনোয়ারা বেগম বলেন, ‘বাসে ঢাকা যাব। কিন্তু ভাঙ্গা চৌরাস্তার আগেই বাস থেকে সব যাত্রীকে নামিয়ে বাসটি ঘুরিয়ে দেওয়া হয়। তাই হাঁটা শুরু করেছি। দেখা যাক, কত দূর যেতে পারি।’
বরিশাল শহর থেকে ঢাকা যাচ্ছিলেন রাশেদ হাওলাদার। তিনি জানান, বরিশাল-খুলনা মহাসড়কে ভাঙ্গা চৌরাস্তার আগেই বাস থেকে নামিয়ে দিয়েছে। তাই হাঁটা শুরু করেছি। সামনে গিয়ে দেখি কোনো বাহন পাই কি না। একই ধরনের কথা বলেন বরিশালের জাবুল ফকির, পিরোজপুরের গোলাম রেজা, নাজিরপুরের দেলোয়ারা বেগমসহ অনেকেই।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রী ভাঙ্গার বালুর মাঠের জনসভা শেষ করে সদরপুরের জনসভাস্থলে যাওয়ার পথে ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গা চৌরাস্তা থেকে পুখুরিয়া পথে সব যানবাহন চলাচল বন্ধ করে রাখা হয়।
ভাঙ্গা থানার ওসি দাদন ফকির বলেন, প্রধানমন্ত্রী সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাঁর সার্বিক নিরাপত্তার জন্য যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।