প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানের বৈঠকে পদ্মা বহুমুখী সেতুতে অর্থায়ন এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের বিষয়গুলো অগ্রাধিকার পাবে। ২৯ নভেম্বর টোকিওতে এই বৈঠক হবে।ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত তামুতসু শিনোতসুকা গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে এ কথা বলেন। চার দিনের সফরে শেখ হাসিনা ২৮ নভেম্বর টোকিও যাচ্ছেন।শেখ হাসিনার আসন্ন জাপান সফরে পদ্মা সেতুতে জাপানের অর্থায়নের বিষয়ে অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে শিনোতসুকা বলেন, ‘এ ব্যাপারে ইতিবাচক আলোচনা হবে।’ ইতিবাচক বলতে কী বোঝাতে চাইছেন—সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি সফরের আগে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, পদ্মা সেতুসহ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে জাপানের অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে।বাংলাদেশে জাপানের বিনিয়োগ সম্পর্কে রাষ্ট্রদূত জানান, জাপানি বিনিয়োগকারীরা ব্যাপকভাবে বাংলাদেশে তাঁদের উপস্থিতি চাইছেন। উৎপাদনভিত্তিক শিল্প স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশকে তাঁরা বিনিয়োগের আদর্শ হিসেবে বিবেচনা করছেন।তবে শিনোতসুকা মনে করেন, বিদেশি বিনিয়োগ কাজে লাগিয়ে প্রবৃদ্ধির হার বাড়াতে হলে এখন যেসব প্রতিবন্ধকতা আছে, সেসব দূর করতে হবে। অবকাঠামো উন্নয়নে নজর দিতে হবে। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সংকট, যাতায়াতের সমস্যা, গভীর সমুদ্রবন্দর না থাকা এবং ব্যবসা স্থাপনে আইনি জটিলতা—এসব সমস্যার সমাধান জরুরি। এই বাধাগুলো দূর হলে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হবে। এতে আরও অনেক জাপানি বিনিয়োগকারী বাংলাদেশে আসবেন।রাষ্ট্রদূত বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারলে চীন ও ভারতের দৃষ্টান্ত অনুসরণ করে প্রবৃদ্ধির হার আট শতাংশে নিয়ে যাওয়ার সব সম্ভাবনাই বাংলাদেশের আছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিনিয়োগের জন্য সহায়ক কি না—এমন প্রশ্নের সরাসরি জবাব তিনি দেননি। তিনি বলেন, বিনিয়োগের জন্য রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা অপরিহার্য।ডিআরইউর সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সম্পাদক গ্যালমান শফি।