প্রধানমন্ত্রীর সফরে রোহিঙ্গা সমস্যা সমাধানের আশা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিয়ানমার সফর সামনে রেখে বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গা শরণার্থীদের সে দেশে ফেরত পাঠানোর বিষয়টি চূড়ান্ত হবে বলে আশা করছেন কক্সবাজারের বিশিষ্টজনেরা। আগামীকাল সোমবার মিয়ানমারে যাচ্ছেন প্রধানমন্ত্রী।জেলার বিভিন্ন পেশাজীবীর সমন্বয়ে গঠিত কক্সবাজার সিভিল সোসাইটি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে আসছে। সংগঠনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী অভিযোগ করেন, মিয়ানমার থেকে বাংলাদেশে আসা প্রায় চার লাখ রোহিঙ্গা শরণার্থী গত ১০ বছরেরও বেশি সময় ধরে কক্সবাজারের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছে। এদের ফেরত পাঠানোর ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ নেই। সংরক্ষিত বনাঞ্চল দখল করে রোহিঙ্গারা বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছে। তাদের কারণে অন্তত দেড় লাখ স্থানীয় শ্রমজীবী বেকার হয়ে পড়েছেন।ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের এক স্থানে জড়ো করে তারপর তাদের গণনার পর মিয়ানমারে ফেরত পাঠানোর দাবি সুশাসনের জন্য নাগরিকের (সুজন)। জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, কক্সবাজারের ২৩ লাখ মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে রোহিঙ্গা সমস্যা সমাধানের। তাদের আশা, প্রধানমন্ত্রীর মিয়ানমার সফরেই রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি চূড়ান্ত হবে।পুলিশ সুপার (এসপি) সেলিম মো. জাহাঙ্গীর বলেন, রোহিঙ্গারা মাদক পাচারের সঙ্গে জড়িত। এদের ফেরত না পাঠালে আগামীতে বড় ধরনের জাতীয় সমস্যা দেখা দেবে। প্রত্যাবাসন বন্ধ: সর্বশেষ ২০০৫ সালের ৫ মে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শিবির থেকে একই পরিবারের দুই রোহিঙ্গা শরণার্থী মিয়ানমারে ফিরে গিয়েছিলেন। এরপর শরণার্থী প্রত্যাবাসন বন্ধ রয়েছে দীর্ঘ ছয় বছর সাত মাস ধরে। উখিয়া উপজেলার কুতুপালং এবং টেকনাফের নয়াপাড়ার দুটি শিবিরে বর্তমানে প্রায় ২৮ হাজার রোহিঙ্গা শরণার্থী দেশে ফেরার অপেক্ষায় রয়েছে।চার লাখ শরণার্থী: রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ ও প্রত্যাবাসন সংগ্রাম কমিটির আহ্বায়ক ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী বলেন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেনসহ উন্নত কয়েকটি রাষ্ট্রে রোহিঙ্গাদের পুনর্বাসনের আশ্বাস দিচ্ছে দুটি আন্তর্জাতিক সংস্থা। ফলে মিয়ানমারের আরাকান রাজ্য থেকে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়েই চলেছে। এ ছাড়া রোহিঙ্গা জঙ্গিরাও এ জন্য দায়ী। বিষয়টি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।