প্রধানমন্ত্রীর সমাবেশ থেকে ফেরার পথে বাস দুর্ঘটনা, নিহত ৫
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি বাজারের কাছে আওয়ামী লীগের নেতা-কর্মীবোঝাই বাস খাদে পড়ে পাঁচজন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। গতকাল রোববার মেহেরপুরের মুজিবনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে।হতাহত নেতা-কর্মীদের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার জিনজিরা গ্রামে। নিহত ব্যক্তিরা হলেন আশরাফ আলী (৪০), আনোয়ার হোসেন (৪২), ছানোয়ার হোসেন (৩৮), রেজাউল হক (৩৫) ও রাশেদুল ইসলাম (১৬)। তাঁদের মধ্যে রেজাউল ঘটনাস্থলে এবং অন্যরা হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, মুজিবনগর থেকে দর্শনাগামী অন্তরা ডিলাক্স পরিবহনের বাসটি কুড়ুলগাছি বাজার পার হয়ে কালভার্টের কাছে পৌঁছানোর পর ২০ ফুট গভীর খাদে পড়ে উল্টে যায়। এ সময় যাত্রীদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। ঘটনাস্থলেই নিহত রেজাউলের স্বজনেরা দ্রুত তাঁকে একটি মাইক্রোবাসযোগে নিজ এলাকায় নিয়ে যায়।আহত ব্যক্তিদের মধ্যে চুয়াডাঙ্গার দর্শনার বিভিন্ন ক্লিনিকে ২৫ জন ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জনকে ভর্তি করা হয়েছে। এ ছাড়া গুরুতর আহত তিনজনকে যশোরে জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের যাত্রী আহত ফারুক হোসেন জানান, একটি ছাগল বাঁচাতে গিয়ে এ ঘটনা ঘটেছে।এদিকে খবর পেয়ে ঝিনাইদহ-৩ আসনের সাংসদ শফিকুল আযম খান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহত ব্যক্তিদের চিকিৎসার তদারক করেন।পুলিশ সুপার মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।