প্রধানমন্ত্রীর সম্মতি থাকলেও নেই মন্ত্রণালয়ের সাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের ১০ তলা ভবনে একটি লিফট স্থাপনে প্রধানমন্ত্রীর সম্মতি আছে। তবে অর্থ মন্ত্রণালয় এ ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেয়নি। ফলে বহুতল এ ভবনে আইনজীবী ও বিচারপ্রার্থীদের সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হচ্ছে।
আদালত সূত্র জানায়, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দুই লাখ ৬৩ হাজারের বেশি মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়া ঢাকা মহানগরের ৪৯টি থানায় প্রতিদিন কম করে হলেও শতাধিক নতুন মামলা হচ্ছে। ওই মামলার আসামিদের প্রতিদিন আদালতে আনা-নেওয়া হয়। বিচারাধীন পুরোনো মামলায় হাজিরা দিতে প্রতিদিন কয়েক হাজার বিচারপ্রার্থী আদালতে আসেন। এসব আসামির ১০ তলা ভবনে ওঠা-নামার জন্য দুটি লিফট রয়েছে, যেখানে ছয়জনের বেশি উঠতে পারেন না। এ কারণে প্রতিদিন আইনজীবী ও বিচারপ্রার্থীদের দুর্ভোগ পোহাতে হয়।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের নাজির মাহবুবুল আলম বলেন, গত বছরের ২৩ ডিসেম্বর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি চেয়ে তৎকালীন আইন প্রতিমন্ত্রীর মাধ্যমে একটি প্রস্তাব দেন। চলতি বছর ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী তাতে সম্মতি দেন। পরবর্তী সময়ে ২৮ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়। তবে অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ দেওয়ার বিষয়ে কিছু জানানো হয়নি।
গত বছরের ২৫ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার আইনজীবী সমিতির বহুতল ভবন উদ্বোধন করেন। ওই সময় প্রধানমন্ত্রী আইনজীবী সমিতির গ্রন্থাগারের জন্য এক কোটি টাকা অনুদান এবং সিএমএম আদালত ভবনে জরুরি ভিত্তিতে একটি লিফট স্থাপনের ঘোষণা দেন।
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি কাজী নজিবুল্লাহ বলেন, মুখ্য মহানগর হাকিম আদালতের ভবনে ছোট দুটি লিফট রয়েছে, যা বিচারপ্রার্থী এবং ১৪ হাজার আইনজীবীর ব্যবহারের জন্য তা অপ্রতুল। সিঁড়িটিও অপ্রশস্ত। এ ভবনে নতুন একটি প্রশস্ত লিফট স্থাপন করা খুবই দরকার।