প্রধানমন্ত্রীর সম্মতিতেই শিক্ষক শ্যামল কান্তিকে পুনর্বহাল: সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর সম্মতিতেই শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে পুনর্বহাল ও বিদ্যালয়টির পরিচালনা কমিটি ভেঙে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পুরো বিষয়টি প্রধানমন্ত্রী নিজেই তদারকি করছেন।
আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় যাত্রীবাহী বাস সার্ভিসের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শিক্ষার্থীকে মারধর ও ‘ধর্ম নিয়ে কটূক্তির’ অভিযোগে নারায়ণগঞ্জে জাতীয় পার্টির সাংসদ এ কে এম সেলিম ওসমান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ১৩ মে প্রকাশ্যে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে মারধর ও কান ধরে ওঠবস করানো হয়। সেলিম ওসমান গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে দাবি করেন, শ্যামল কান্তি স্বেচ্ছায় কান ধরে ওঠবস করেছেন।
সেতুমন্ত্রী বলেন, রাজনীতিবিদদের বোঝা উচিত, পাঁচ বছরের অর্জন মাত্র পাঁচ মিনিটের খারাপ আচরণের কারণে নষ্ট হয়ে যেতে পারে।
এর আগে মন্ত্রী সোনারগাঁয়ের মেঘনাঘাট থেকে ঢাকার গুলিস্তান রুটের শীতাতপনিয়ন্ত্রিত যাত্রীবাহী বাসের উদ্বোধন করেন। এ রুটে প্রতিদিন ৩০টি বাস চলাচল করবে। জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা।