প্রধানমন্ত্রীর সম্মানে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর ইফতার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে সশস্ত্র বাহিনী বিভাগ গতকাল সোমবার ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে ইফতারের আয়োজন করেছে। প্রধানমন্ত্রী ইফতারের বিভিন্ন টেবিলে ঘুরে ঘুরে সশস্ত্র বাহিনীর সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। খবর বাসসের।ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর অগ্রযাত্রা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতারে অন্যান্যের মধ্যে স্পিকার আবদুল হামিদ, প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, আইনমন্ত্রী শফিক আহমেদ, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, ডেপুটি স্পিকার শওকত আলী এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন।এ ছাড়া সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল আবদুল ওয়াদুদ, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, সাবেক সেনাপ্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, সাংসদ, কূটনীতিক, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এর আগে প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে এসে পৌঁছালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তিন বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার তাঁকে স্বাগত জানান।