জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির শিক্ষার্থী নুসরাত জেরিন জিনিয়ার চিকিৎসার জন্য ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। ইনস্টিটিউটের স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় প্রথম মেধাস্থান অধিকার করা জিনিয়া ব্লাড ক্যানসারে আক্রান্ত। তাঁর চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই লাখ টাকা সহায়তা দিয়েছে। এ ছাড়া পেট্রলবোমায় আহত বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তানজিমুল হক অয়নের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। গত ২৮ ডিসেম্বর সন্ধ্যা সাতটার দিকে মিরপুরের কাজীপাড়ায় সিএনজিচালিত অটোরিকশায় দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এতে অটোরিকশার যাত্রী অয়ন, তাঁর মা ও বোন অগ্নিদগ্ধ হন। তাঁদের চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এক লাখ টাকা সহায়তা দিয়েছে।