পাল্টাপাল্টি কমিটি গঠন করা নিয়ে চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগে অস্থিরতা দেখা দিয়েছে। সম্মেলনের পর কণ্ঠভোটে গঠিত কমিটিকে একতরফা বলে দাবি করেছেন পাল্টা কমিটির নেত্রীরা। গত বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পাল্টা কমিটি ঘোষণা করার পর থেকেই মহিলা আওয়ামী লীগে বিভক্তি ও অস্থিরতা বেড়েছে।
গত মঙ্গলবার চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে নগর মহিলা আওয়ামী লীগের সম্মেলন হয়। এতে কণ্ঠভোটে হাসিনা মহিউদ্দিনকে সভানেত্রী ও আঞ্জুমান আরা চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা। হাসিনা মহিউদ্দিন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী।
সম্মেলনস্থলের বাইরে দলের কিছু নেতা-কর্মী বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন।
পাল্টা কমিটির সাধারণ সম্পাদক রেখা আলম প্রথম আলোকে বলেন, ‘হাসিনা মহিউদ্দিনের নেতৃত্বে মহিলা আওয়ামী লীগের কমিটি বৈধ নয়। তারা একতরফা সম্মেলন করে কমিটি করেছে। আমরা এই কমিটি মানি না। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সবকিছু বলব।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট (সাক্ষাতের ব্যবস্থা) নিয়ে দিতে আমরা কাদের ভাই (দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের) ও শামীম ভাইয়ের (সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম) সহযোগিতা চেয়েছি।’
এ বিষয়ে এনামুল হক শামীম বলেন, ‘চট্টগ্রামে মহিলা আওয়ামী লীগের সমস্যা দেখার দায়িত্ব কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে মহিলা আওয়ামী লীগই ব্যবস্থা করে দেবে।’
দলীয় সূত্র জানায়, চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতিতে দুটি ধারা রয়েছে। একটির নেতৃত্বে আছেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী এবং অন্যটির নেতৃত্বে সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। মহিলা আওয়ামী লীগের বিদ্রোহী নেত্রীরা আ জ ম নাছিরের দিকে ঝুঁকছেন বলে একাধিক নেত্রী স্বীকার করেছেন।
চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বলেন, ‘গঠনতন্ত্র অনুসরণ করে সম্মেলন ও কমিটি করা হয়েছে। কেন্দ্রীয় নেতাদের সম্মতিতে সম্মেলন ও কমিটি হয়েছে। দুজন কেন্দ্রীয় নেত্রী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাঁরা (বিদ্রোহী) প্রধানমন্ত্রীর কাছে গেলে আমাদেরও বক্তব্য আছে। তাঁরা বাইরে অনৈক্যের স্লোগান দিচ্ছেন।’