প্রধানমন্ত্রীর সান্ত্বনায় কি কষ্ট কমে?

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়েছিলেন। অবরোধ-হরতালে পোড়া মানুষকে তিনি সান্ত্বনা দিয়েছেন। কিন্তু এই সান্ত্বনা তিল পরিমাণ স্বস্তি দেয়নি শামসুন্নাহারকে। পুড়ে যাওয়া ছেলে শামীমকে দেখিয়ে তিনি বললেন, ‘সান্ত্বনায় কি কষ্ট কমে?’
ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে হরতাল-অবরোধে দগ্ধ মানুষের মাথার কাছে কাগজ সেঁটেছে কর্তৃপক্ষ। লাল কালিতে কে, কোথায় পুড়েছে তার নিশানা দেওয়া। আজও বার্ন ইউনিটে পোড়া মানুষগুলো যন্ত্রণায় চিত্কার করেছে। বাতাসে পোড়া মাংসের গন্ধ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোস্তাফিজুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘প্রধানমন্ত্রী সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পোড়া রোগীর চিকিত্সা-ব্যয় অন্য যেকোনো রোগীর চেয়ে বেশি। তিনি আর্থিক সহায়তা দেবেন বলেছেন।’ গত দুই সপ্তাহে হরতাল-অবরোধের আগুনে পোড়া ৫৭ জন নারী-শিশু-পুরুষ ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে ভর্তি থেকে চিকিত্সা নিয়েছে বা নিচ্ছে।
আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন ইউনিট পরিদর্শনের পর প্রথম আলো ডটকমের সঙ্গে কথা হয় অগ্নিদগ্ধ মানুষ ও তাদের স্বজনদের। তাদের কেউ ক্ষুব্ধ, কেউ হতাশ, কারও মুখে ভাষা নেই।
শাহবাগের বিহঙ্গ পরিবহনের ভেতর পুড়েছেন কেরানীগঞ্জের ছেলে শামীম। চেহারা চেনা যায় না। শামীমের মা বলেন, ‘ছেলের মুখের দিকে চাইয়া আমার কইলজাটা যে ক্যামন করে! দেখো একটু ওরে। প্রধানমন্ত্রী যতই সান্ত্বনা দিক, কষ্ট কি কমব? কমত না। কোনো লাভ হইব, হইব না।’
শামসুন্নাহারের গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়ে। কাঁদেন গাড়িচালক আবদুর রাজ্জাকও। পুরো মুখ পুড়েছে, বুকের কাছটাও পোড়া। প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’
ধানমন্ডিতে লেগুনা গাড়ির হেলপার ১৩ বছরের শিমুলকে পুড়িয়েছিল দুর্বৃত্তরা। শিমুল এখন বার্ন ইউনিটের তিন তলায়। প্রধানমন্ত্রী দোতলা আর চারতলা ঘুরে চলে গেছেন। শিমুলের রিকশাচালক বাবা আমানুল্লাহ সর্দার ক্ষুব্ধ। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘আমি রিসকা চালাই। ২২টা দিন হাসপাতালে। এই ছেলে যন্ত্রণায় ছটফট করতাছে। হ্যায় দোতলা থাইকা চুপ কইরা চইলা গেছে। বাচ্চা পোলাপান তাগো দ্যাখবো না, কথা কইব না? আমরা ক্যামন আছি, ক্যামনে চলতাছি হে খোঁজ লইব না?’
শিমুল চুপ করে শোনে, অস্পষ্ট গলায় এ প্রতিবেদককে জিজ্ঞেস করে, ‘আমি ভালো হইতাম না, কবে হমু?’