প্রধানমন্ত্রীর সামনে শামীম ওসমানকে নিয়ে বিতর্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনেই আওয়ামী লীগের বিতর্কিত নেতা শামীম ওসমানের পক্ষে-বিপক্ষে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন দলের নারায়ণগঞ্জের নেতারা।
গতকাল বুধবার গণভবনে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে তৃণমূল নেতাদের বৈঠকে নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক খোকন সাহা এ বিতর্কে জড়ান।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, বৈঠকে আনোয়ার হোসেন বলেন, ‘শামীম ওসমান ২০০১ সালের পর দেশ থেকে পালিয়ে যান। আমরা তখন দলের হাল ধরি। ফলে জেলার ছয়টি আসনে দলীয় প্রার্থীরা বিজয়ী হন।’
তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দলে শামীমেরও ভূমিকা আছে। তাঁর বিরুদ্ধে তখন অনেক মামলা হয়েছে।
আনোয়ার হোসেন অভিযোগ করেন, তাঁর সঙ্গে খোকন সাহা ২০০২ সাল থেকে দলের সাধারণ সম্পাদক। কিন্তু তাঁর সঙ্গে খোকন সাহা কোনো যোগাযোগ রাখেন না। তিনি বলেন, ‘নেত্রী, দলে আমার কোনো প্রভু বা ভাই নেই। আপনি আমার নেত্রী। আপনার কথায় আমি চলি। খোকন সাহার প্রভু আছে। তাঁর কথায় তিনি চলেন। তাঁর নামে তিনি জিন্দাবাদ দেন। আমি আপনার নামে দিই।’
এরপর খোকন সাহা এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ ও শামীম ওসমানের পক্ষে বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমার কোনো ভাই নেই। আমার নেত্রী শেখ হাসিনা।’
আগামী সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী বাছাইয়ে এ বৈঠক হলেও কেবল নারায়ণগঞ্জের ক্ষেত্রে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং শহর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে গোপন ভোট নেওয়া হয়। এরপর শেখ হাসিনা বৈঠকে নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি পদে আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক পদে খোকন সাহার নাম ঘোষণা করেন। তাঁদের দুজনকে সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনেরও নির্দেশ দেন। তবে জেলা কমিটির নাম ঘোষণা করেননি।
শেখ হাসিনা আনোয়ার হোসেন ও খোকন সাহাকে মিলেমিশে কাজ করার নির্দেশ দেন। পরে তাঁদের দুজনকে কোলাকুলি করিয়ে দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এরপর দুই নেতা শেখ হাসিনার পা ধরে সালাম করেন এবং একসঙ্গে কাজ করার শপথ নেন।
গতকাল বেলা তিনটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত এই বৈঠকে আওয়ামী লীগের ময়মনসিংহ, সিলেট জেলা ও মহানগর, খুলনা জেলা ও মহানগর, নোয়াখালী, পটুয়াখালী ও নারায়ণগঞ্জের জেলা, উপজেলা ও প্রথম শ্রেণীর পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকেরা অংশ নেন।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধুভূষণ সরকার বৈঠকে স্থানীয় সাংসদ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকিরের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, প্রতিমন্ত্রীর কারণে তিনি সংগঠনের কাজ করতে পারছেন না। তাঁকে সব জায়গায় অবাঞ্ছিত করে রাখা হয়েছে। আগামী দিনে গৌরীপুর আসন ধরে রাখতে হলে নতুন কাউকে মনোনয়ন দেওয়ার সুপারিশ করেন।
এ ছাড়া ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে নান্দাইলের আবদুস সালাম, ঈশ্বরগঞ্জের আবদুস সাত্তার, হালুয়াঘাটের প্রমোদ মানকিন এবং মুক্তাগাছার খালিদ হোসেন ছাড়া বাকি সাংসদের সমালোচনা করেন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার নেতারা। তাঁরা এসব সাংসদদের আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন না দেওয়ার অনুরোধ করেন।
একইভাবে সিলেটে অর্থমন্ত্রীর নাম উল্লেখ না করে তাঁকেও দলীয় মনোনয়ন না দেওয়ার কথা বলেন সেখানকার নেতারা। খুলনা জেলার কয়রা, পাইকগাছা, বটিয়াঘাটা, দাকোপ ও খুলনা মহানগরের সাংগঠনিক সমস্যা তুলে ধরেন নেতারা। খুলনা-১-এর সাংসদ ননী গোপাল মণ্ডল, খুলনা-৫-এর নারায়ণ চন্দ্র চন্দ ও খুলনা-৬-এর সোহরাব আলীর বিরুদ্ধে জনবিচ্ছিন্নতার অভিযোগ আনেন নেতারা।