প্রধানমন্ত্রীর সামনেই মূর্ছা গেলেন লায়লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ৫ জানুয়ারি নির্বাচন-পূর্ববর্তী সহিংসতায় আহত ব্যক্তি ও নিহত লোকজনের স্বজনেরা আজ রাজধানীতে একটি অনুষ্ঠানে উপস্থিত হন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছে পেয়ে কষ্টের কথা বলতে গিয়ে আপ্লুত হয়ে পড়েন গাইবান্ধায় নিহত পুলিশ কনস্টেবল হযরত আলীর স্ত্রী লায়লা খাতুনসহ ক্ষতিগ্রস্তরা। ছবি: ফোকাস বাংলা
গত ৫ জানুয়ারি নির্বাচন-পূর্ববর্তী সহিংসতায় আহত ব্যক্তি ও নিহত লোকজনের স্বজনেরা আজ রাজধানীতে একটি অনুষ্ঠানে উপস্থিত হন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছে পেয়ে কষ্টের কথা বলতে গিয়ে আপ্লুত হয়ে পড়েন গাইবান্ধায় নিহত পুলিশ কনস্টেবল হযরত আলীর স্ত্রী লায়লা খাতুনসহ ক্ষতিগ্রস্তরা। ছবি: ফোকাস বাংলা

প্রথমে কিছুই বলতে পারছিলেন না। অনুষ্ঠানের সঞ্চালক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে বললেন, ‘স্যার, আমি কইতে পারতাছি না।’ অভয় দিয়ে নূর বললেন, ‘বলেন’। এরপর শুরু করলেন লায়লা খাতুন।

‘আমার স্বামী আমাকে ফোন দিয়ে বলছে, “আমি ডিউটিতে আছি। কিন্তু বেশ মারামারি হচ্ছে।” হঠাত্ শুনি তিনি যেখানে ডিউটিতে আছেন, সেখানে তিনজন পুলিশ মারা গেছে। আমি দিশেহারা হয়ে গেলাম। ছুটে যাইতে চাইলাম। কিন্তু সবাই আমাকে বাধা দিচ্ছে, ওই দিকে যাইয়েন না, মারামারি হচ্ছে। আমি তার পরও গেলাম। দেখি ওর দাঁতের পাটিগুলো উঠিয়ে ফেলা হয়েছে। মুখে আঘাত। আমি ওকে দেখে চিনতেই পারতাছি না। আমি ওকে কাছে থেকেও বাঁচাতে পারলাম না। যার স্বামী নাই, তার কেউ নাই। আমার একটা সন্তান কাকে বাবা বলে ডাকবে?’

এরপর অঝোরে শব্দ করে কাঁদতে থাকেন গাইবান্ধায় নির্বাচন-পূর্ববর্তী সহিংসতায় নিহত পুলিশ কনস্টেবল হযরত আলীর স্ত্রী লায়লা খাতুন। এরপর আর কথা বলতে পারলেন না তিনি। হঠাত্ করেই তিনি মঞ্চে মূর্ছা যান। দৌড়ে আসেন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কেউ কেউ তাঁর মাথায় পানি ঢালতে থাকেন। এরপর সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক তাঁকে পরীক্ষা করেন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘রক্তাক্ত বাংলাদেশ’ শীর্ষক ফটো অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে এ ঘটনার অবতারণা হয়।

চট্টগ্রামের ফটিকছড়িতে হরতালবিরোধী মিছিলে প্রতিপক্ষ রাজনৈতিক দলের হামলায় আহত ছাত্রলীগের কর্মী হেলালউদ্দিন পিয়ারু, ডিএমপির অগ্নিদগ্ধ পুলিশ কনস্টেবল পিয়ারুল ইসলাম, শাহবাগে বিহঙ্গ বাসে পেট্রলবোমায় অগ্নিদগ্ধ আইনজীবী খোদেজা নাসরিন, রাজধানীর উত্তরায় বাসে অগ্নিদগ্ধ হয়ে নিহত মনির হোসেনের বাবা রমজান আলী নির্বাচন-পূর্ব সহিংসতার বর্ণনা দেন।

আইনজীবী খোদেজা নাসরিন বলেন, ‘পোড়া ঘায়ে ড্রেসিং করার সময় যে যন্ত্রণা হয় সেটা কোনোভাবেই সহ্য করা যায় না। অনেক সময় মনে হয়—এত যন্ত্রণা না দিয়ে আমাকে মেরে ফেলো। কিন্তু সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমাকে বেঁচে থাকতে হবে।’ এরপর তিনি কান্নায় ভেঙে পড়েন। বক্তব্য দেওয়ার সময় সহিংসতার শিকার সবাই তাদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এর আগে অনুষ্ঠানে গত ৫ জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি-জামায়াতের সহিংসতা নিয়ে ১৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। পরে প্রধানমন্ত্রী মঞ্চে ওঠেন। আহত ব্যক্তি ও নিহতদের স্বজনেরা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পড়েন। অনেকে উচ্চস্বরে কাঁদতে থাকেন। প্রধানমন্ত্রী তাঁদের সান্ত্বনা দেন। অনেককে সাহায্যের আশ্বাস দেন।