প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করা নারী রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা প্রতারণার মামলায় গ্রেপ্তার হাসিনা বেগম নামের এক নারীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ আদেশ দেন। এর আগে প্রতারণার মামলায় গ্রেপ্তার হাসিনা বেগমকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সূত্র জানিয়েছে, আসামি হাসিনা বেগম নিজেকে গণভবনের বাবুর্চি বলে পরিচয় দেন। ওই নারীর কাছে গণভবনের বাবুর্চি হিসেবে একটি পরিচয়পত্র পাওয়া গেছে। তিনি দুই দফায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভুয়া প্যাডে তাঁর প্রটোকল কর্মকর্তা মনজিলা ফারুকের নামে ও পরে খোদ প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে ছাত্রী ভর্তির জন্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি দেন।

উপাচার্যের কাছে প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘...ফাহিম জামান দৃষ্টি আমার সুপরিচিত এবং নিকটাত্মীয়। তিনি যথেষ্ট মেধাবী এবং পরিশ্রমী। এমতাবস্থায় তিনি যেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন এবং দেশ ও জাতির কল্যাণে মঙ্গল বয়ে আনতে পারেন তার জন্য আদেশ প্রদান করা হলো।’

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস প্রথম আলোকে বলেন, ওই নারী নিজেকে গণভবনের বাবুর্চি পরিচয় দিয়েছেন, তাঁর কাছে একটি পরিচয়পত্র পাওয়া গেছে। তবে গণভবনের কর্মীদের যে রকম আরও কয়েকটি নিরাপত্তা পাস থাকে, এমন কোনো কিছুই তাঁর কাছে পাওয়া যায়নি। তিনি আসলে কে, কী করেন—এসব কিছু তাঁর কাছে জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন: