প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার ও সিলেটের চারটি উপজেলায় হাকালুকি হাওরপারের বিভিন্ন গ্রামে দীর্ঘ জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে উঠেছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।টানা ভারী বর্ষণ ও জুড়ী নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত এপ্রিলের শেষ দিকে হাকালুকি হাওর উপচে মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী, বড়লেখা ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাকালুকি হাওরপারের বিভিন্ন গ্রামে অকাল বন্যা ও জলাবদ্ধতা দেখা দেয়। এতে প্রায় চার লাখ লোক দুর্ভোগে পড়ে। হাজার হাজার একর জমির পাকা ও আধা পাকা বোরো ধান তলিয়ে যায়। পানি না সরায় চলতি মৌসুমে কৃষকেরা রোপা আমন ধানের চারা রোপণ করতে পারেননি। বিভিন্ন গ্রামের অধিকাংশ বাড়িঘর, রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান এখনো পানিতে তলিয়ে আছে।এলাকাবাসীর ভাষ্যমতে, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় জুড়ী নদীর শাখার মোহনায় বুড়িকোয়ারি বিলের কাছে ২০০৪ সালে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ একটি বাঁধ নির্মাণ করায় এবং মূল নদীর মোহনার পাশে স্থাপিত দুটি ইটভাটার খোয়া ফেলে রাখায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এলাকাবাসীর মতে, পাহাড়ি ঢল ও হাওরে জমাট হওয়া পানি জুড়ীর মূল এবং শাখা নদী দিয়ে ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে নিষ্কাশিত হতো।কুলাউড়ার ভূকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজ উদ্দিন আহমদ জানান, শুধু তাঁর ইউনিয়নেরই ৩১টি গ্রামের লোকজন এখনো পানিবন্দী। হাওরপারের অন্যান্য এলাকার চিত্রও একই। বোরো ফসল হারিয়ে প্রান্তিক কৃষকেরা নিঃস্ব হয়ে পড়েছেন। লোকজন কাজ পাচ্ছে না। তারা চরম অভাবে দিন কাটাচ্ছে।সিরাজ উদ্দিন আহমদ বলেন, ‘ফেঞ্চুগঞ্জে জুড়ী নদীর মোহনায় দেওয়া বাঁধ অথবা দুটি স্থাপনা অবিলম্বে অপসারণ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিতে হবে। পানি উন্নয়ন বোর্ড ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা একাধিকবার জলাবদ্ধ এলাকা পরিদর্শন করে গেছেন, আশ্বাসও দিয়েছেন। কিন্তু কোনো কাজ হচ্ছে না। এ ব্যাপারে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। পাশাপাশি লোকজনের দুর্ভোগ স্বচক্ষে দেখতে তাঁকে সবিনয়ে অনুরোধ করছি।’মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহজাদা প্রথম আলোকে জানান, দীর্ঘ জলাবদ্ধতার কারণে চলতি মৌসুমে জেলার কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় হাকালুকি হাওরপারের প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে রোপা আমনের চাষ ব্যাহত হচ্ছে। গত বোরো মৌসুমে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নের কাজ চলছে। কৃষকেরা যাতে ক্ষতিপূরণ পান, তার জন্য ওই তালিকা কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হবে। পানি নেমে গেলে রবি শস্য আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে প্রয়োজনীয় উপকরণ চেয়ে আরেকটি তালিকা এরই মধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ঢাকার প্রধান কার্যালয়ের মহাপরিচালক (ডিজি) হাবিবুর রহমান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘মৌলভীবাজার ও সিলেটে হাকালুকি হাওরপারের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে সেটার আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’